বাণিজ্য মেলার দ্বিতীয় দিন

স্টল নির্মাণ কাজ চলছে

আপডেট : ০২ জানুয়ারি ২০১৩, ২২:৩৩
রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত ১৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্টল নির্মাণের কাজ এখনো শেষ হয়নি। নির্মাণ কাজ নিয়েই এখন ব্যস্ত ব্যবসায়ীরা। মেলার দ্বিতীয় দিন শেষেও প্রায় ২০টি স্টল ও প্যাভিলিয়নের নির্মাণ কাজ শেষ হয়নি। আবার যারা নির্মাণ কাজ শেষ করেছেন তাদের মধ্যে বেশকিছু স্টল ও প্যাভিলিয়ন তাদের পণ্য প্রদর্শন করতে পারেননি। পাকিস্তানি প্যাভিলিয়ন, ডাবুর এশিয়ান কনজিউমার কেয়ার, নিউ ফেন্স কেয়ার, স্বাগতম কো-অপারেটিভ সোসাইটি, কেবিএস-কারুকার্য ক্ষুদ্র সমবায় সমিতি, রিমিক্স, ইরানি মিল্লা, টেকনো ভেনচার, আজমীর শাড়ি মহল, ঘরোয়া বিরিয়ানী এন্ড ফাস্ট ফুড কফি হাউজ, বিএসপি, ঢাকা উইমেন্স চেম্বার অফ কমার্স, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বিজনেস প্রমোশন কাউন্সিল, ইন্টারন্যাশনাল ফেয়ার সেন্টারের স্টল তৈরির কাজ এখনো শেষ হয়নি। নির্মাণ কাজে দেশি স্টল ও প্যাভিলিয়নের চেয়ে পিছিয়ে রয়েছে বিদেশি স্টল ও প্যাভিলিয়ন। মেলায় পাকিস্তানের বেশ কয়েকটি প্যাভিলিয়ন রয়েছে। এদের কোনটিরই নির্মাণ কাজ পুরোপুরি শেষ হয়নি। এ প্যাভিলিয়নের দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছেন, দুইদিনের মধ্যে নির্মাণ কাজসহ পণ্য প্রদর্শনের কাজ শেষ করা হবে। মেলার দ্বিতীয় দিনে লোকজনের ভিড় কম ছিল। হাতেগোনা কিছু দর্শনার্থী মেলায় আসেন। ব্যবসায়ীরা জানান, মেলার শুরুর দিকে বিক্রি নেই বললেই চলে। ক্রেতারা স্টলে আসছেন, পণ্য দেখছেন এবং দাম শুনে চলে যাচ্ছেন। আশা করছি মেলা জমে উঠলে বিক্রি হবে। অন্যদিকে গতকাল মেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে ২৪৭ নং স্টলকে ৫০০, ৩৬ নং প্যাভিলিয়নকে ৫০০, ২৯১ নং স্টলকে ২ হাজার এবং রস লিমিটেডকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো: মনিরুজ্জামান জানান, খাবার সমগ্রী তৈরি, বিতরণ, সংরক্ষণে অপরিচ্ছন্নতা ও খাবার প্যাকেটে খুচরা মূল্য না থাকার কারণে ৩টি স্টল ও ১টি প্যাভিলিয়নকে জরিমানা করা হয়েছে। এছাড়াও ১৩৭ নং আয়ুর্বেদীয় ফার্মেসী ঢাকা লিমিটেড স্টলকে প্যাকেটজাত দ্রব্যের উপর খুচরা মূল্য না থাকার কারণে ৩ হাজার টাকা জরিমানা করেছে।