রিহ্যাব মেলার উদ্বোধন

আপডেট : ০২ জানুয়ারি ২০১৩, ২২:৩৩
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান বলেছেন, গুটিকয়েক ভুঁইফোড় কোম্পানির কারণে আবাসন খাতের বদনাম হয়েছে। দুর্বৃত্তরা জমি না কিনে পানির ওপর সাইনবোর্ড লাগিয়ে প্ল¬ট বিক্রি করেছে। মানুষকে আকর্ষণ করতে তারা বিলাসবহুল অফিস করে। এ ধরনের কর্মকাণ্ড আর চলবে না। বদনাম যাতে না হয় সেদিকে খেয়াল রেখে কাজ করার জন্য আবাসন ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। আবাসন ব্যবসায়ীদের সর্ববৃহত্ সংগঠন ‘রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত ‘রিহ্যাব হাউজিং ফেয়ার-২০১২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে বুধবার বিকালে পাঁচ দিনব্যাপী এ মেলা শুরু হয়েছে। প্রতিমন্ত্রী মেলার উদ্বোধন করেন। রিহ্যাবের সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন খানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন রিহ্যাবের সহ-সভাপতি আবদুর রহিম খান ও মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ এবং সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ভুঁইয়া রানা।