নারীর প্রতি সহিংসতা রোধে বিশ্ব উদ্যোগে সম্পৃক্ত হচ্ছে বাংলাদেশ

আপডেট : ০২ জানুয়ারি ২০১৩, ২২:৩৩
নারীর প্রতি সহিংসতা রোধে বিশ্বব্যাপী গৃহীত উদ্যোগে শামিল হয়েছে বাংলাদেশ। ‘ওয়ান বিলিয়ন রাইজিং’ (ওবিআর) বা উদ্যমে উত্তরণে শতকোটি শীর্ষক এই উদ্যোগে বেশকিছু কর্মসূচি পালিত হবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস জুড়ে। ‘উদ্যমে উত্তরণে শতকোটি’র বাংলাদেশের উদ্যোক্তারা গতকাল বুধবার এক মতবিনিময় সভায় জানান, ওবিআর-এর তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী প্রতি তিনজন নারীর একজন সহিংস আচরণ বা নির্যাতনের শিকার। বিশ্বের মোট জনগোষ্ঠী ৬০০ কোটির মধ্যে অর্ধেক নারী। এদের মধ্যে একশ কোটি বা এক বিলিয়নই নির্যাতিত হচ্ছে। এই পরিস্থিতিতে আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে পৃথিবীর বিভিন্ন স্থানে নারীকর্মী, গবেষক, লেখক ও জনপ্রিয় তারকারা নির্যাতন প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি পালন করবেন। বাংলাদেশে নেয়া হচ্ছে অনুরূপ উদ্যোগ। মতবিনিময় সভায় নারী উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন আইন ও শালিস কেন্দ্রের সুলতানা কামাল, নিজেরা করি’র খুশী কবির, নারী সাংবাদিক কেন্দ্রের নাসিমুল আরা মিনু, নাট্যব্যক্তিত্ব সারা যাকের, নারী পক্ষের সাদফি সাজ সিদ্দিকী, ফৌজিয়া খন্দকার, সোহানা লেহরিন প্রমুখ। তারা জানান, বিশ্ব আন্দোলন ‘ওবিআর’-এর উদ্যোক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাট্যকার ও লেখক ইভ এনস্লার তিনদিনের সফরে আগামী ৯ জানুয়ারি ঢাকা আসছেন। তখন তিনি গণমাধ্যম, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন। নারী নির্যাতনের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গঠন ও প্রতিরোধ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ইভ এনস্লার দক্ষিণ এশিয়া সফর করবেন। মতবিনিময় অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে অংশ নেন দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সংবাদ সম্পাদক আলতামাস কবির, দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক মিনার মনসুর, এবিসি রেডিও’র প্রধান প্রতিবেদক মোর্শেদ নোমান প্রমুখ। আলোচনায় নারী ব্যক্তিত্ব ও সম্পাদকগণ বলেন, বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক নারী নির্যাতনের ঘটনা ঘটে এশিয়া মহাদেশে। এশিয়ার মধ্যে সবচেয়ে ঘটে দক্ষিণ এশিয়ায়। আর বাংলাদেশে এ পরিস্থিতি খুবই উদ্বেগজনক। সম্প্রতি দিল্লীর ধর্ষণের ঘটনা সারাবিশ্বকে ব্যাপক নাড়া দিয়েছে। কিন্তু এমন ঘটনা প্রতিনিয়ত ঘটছে। সহিংসতা ও বৈষম্য অব্যাহত থাকলে কোন দেশ বা জাতি এগুতে পারে না। তাই এখনই সময় সমন্বিত প্রতিরোধ গড়ে তোলার।