চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত

আপডেট : ০২ জানুয়ারি ২০১৩, ২২:৩৮
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্তের ওপারে গতকাল বুধবার ভোরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহত দুই যুবক হচ্ছে গোমস্তাপুর উপজেলার বিভীষণ আক্কেলপুর গ্রামের আফসার উদ্দিনের ছেলে মাসুদ রানা বাবু (২৩) ও শিবগঞ্জ উপজেলার দিয়াড় শাহাপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে শহীদুল ইসলাম (২৮)। নওগাঁস্থ ৪৩ বিজিবি’র সহ-অধিনায়ক মেজর শরিফ মাহমুদ হাসান জানান, রাত ৩ টার দিকে সীমান্তের ২১৯/৪৯ আর পিলারের আনুমানিক ১০০০ গজ ভারতের অভ্যন্তরে মাসুদ ও শহিদুল গরু আনতে ঢুকে পড়ে। এ সময় ভারতের মালদহ জেলার পিলাশন ক্যাম্পের বিএসএফ জোয়ানরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তারা মারা যায়। এ ঘটনার প্রতিবাদ ও লাশ ফেরত চেয়ে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফকে পত্র দেয়া হলে দুপুরে বিভীষণ সীমান্তে বিজিবি ও বিএসএফ’র মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন রকনপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার হালিম ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন পিলাশন ক্যাম্পের ইন্সপেক্টর শুরিয়া ভগত। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ফেরত পাওয়া যায়নি। রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল সরকার মোহাম্মদ সামস উদ্দিন ওই সীমান্ত পরিদর্শন করেন।