জেলা প্রশাসকদের (ডিসি) আগামী দশম সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি নির্বাচন কমিশন (ইসি)। আগামী জুলাই মাসের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে। এক্ষেত্রে এবার ডিসিদের পাশাপাশি কমিশনের নিজস্ব জনবল থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেয়ার চিন্তা-ভাবনা হচ্ছে। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক ইত্তেফাককে বলেন, রিটার্নিং কর্মকর্তা নিয়োগের বিষয়ে সাধারণত নির্বাচনের তফসিল ঘোষণার সময়ে সিদ্ধান্ত নেয়া হয়। আমাদের দেশের জাতীয় নির্বাচনে ডিসিরাই রিটার্নিং কর্মকর্তা হিসাবে নিয়োগ পান। তবে আগামী নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিষয়ে সিদ্ধান্ত দূরের কথা আলোচনাও হয়নি।
‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৭ অনুচ্ছেদ অনুসারে নির্বাচন কমিশন সংসদ সদস্যদের নির্বাচনের জন্য এক বা একাধিক নির্বাচনী এলাকার ক্ষেত্রে একজন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করতে পারেন। রিটার্নিং অফিসারকে নির্বাচনী কাজে সহায়তাদানের জন্য প্রয়োজনীয় সংখ্যক সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করার ক্ষমতা নির্বাচন কমিশনের উপর অর্পিত। তবে একজন সহকারী রিটার্নিং কর্মকর্তা একের অধিক নির্বাচনী এলাকার জন্য নিয়োগ করা যায় না।’
২০১৩ সালের ২৬ অক্টোবর থেকে ২০১৪ সালের ২৪ জানুয়ারির মধ্যে আগামী দশম সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে নির্বাচন কমিশনকে। সংসদ নির্বাচনের জন্য কমিশন এখনো সময় পাচ্ছে প্রায় ১০ মাস। পরিকল্পনা অনুযায়ী আগামী জুলাই মাসের পর জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করবে ইসি। এরপর রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে নির্বাচন কমিশন।
ইসিসূত্রে জানা গেছে, জনবল সংকটের কারণে সাধারণত জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসকরা (ডিসি) রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসাবে থাকেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)। এছাড়াও নির্বাচনে প্রশাসনিক দক্ষতাকেও এক্ষেত্রে বিবেচনায় রাখা হয়। তবে বিগত কমিশন জাতীয় সংসদের উপ-নির্বাচন, সিটি করপোরেশন, পৌরসভার উপ-নির্বাচন, উপজেলা পরিষদের উপ-নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসাবে কমিশনের নিজস্ব জনবল দিয়ে নির্বাচন পরিচালনার সিদ্ধান্ত নেয়। গত বছরের ৯ ফেব্রুয়ারি কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন ৫ সদস্যের কমিশন দায়িত্ব গ্রহণের পর গত ১৫ মার্চ শরীয়তপুর-৩, ৩০ সেপ্টেম্বর গাজীপুর-৪ (কাপাসিয়া) ও ১৮ নভেম্বর টাঙ্গাইল-৩ (ঘাটাইল) উপ-নির্বাচনে কমিশনের নিজস্ব জনবল থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেয়া হয়।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক বলেন, নিজস্ব জনবল দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার কোনো সিদ্ধান্ত ছিল না আগের কমিশনের। তবে উপ-নির্বাচনসহ অন্যান্য নির্বাচনে বরং বর্তমান কমিশন নিজস্ব জনবল দিয়েই সম্পন্ন করেছে।
জাতীয় সংসদের ৩শ সংসদীয় আসনের নির্বাচনের জন্য প্রতি জেলায় একজন রিটার্নিং কর্মকর্তা এবং প্রতিটি সংসদীয় আসনে একজন করে সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়ে থাকে নির্বাচন কমিশন। বর্তমানে ৬৪ জন জেলা নির্বাচন কর্মকর্তা, প্রায় ৪০০ উপজেলা নির্বাচন কর্মকর্তা ছাড়াও ১০ জন আঞ্চলিক কর্মকর্তা রয়েছেন ইসিতে। প্রশাসন থেকেই অতীতে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ ইত্তেফাককে বলেন, রিটার্নিং অফিসার নিয়োগের ব্যাপারে নির্বাচন কমিশন (ইসি) এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। ডিসিদের রিটার্নিং কর্মকর্তা করার বিষয়ে তিনি বলেন, প্রশাসনিক দক্ষতা ও যোগ্যতার কারণেই ডিসিদের রিটার্নিং কর্মকর্তা করা হয়। নিজস্ব জনবল দিয়ে সারাদেশে একসঙ্গে অনুষ্ঠিত নির্বাচন পরিচালনা কঠিন কাজ। এজন্য বরাবরই তাদের বিবেচনায় রাখা হয়।
