রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি রাশিয়ার সংহতি

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ০০:৪৮

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করেছে রাশিয়া। একই সঙ্গে মানবিক সহায়তাসহ সমর্থন পুনর্ব্যক্ত করেছে দেশটি। গতকাল সোমবার মস্কোতে সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরবের দ্বিপাক্ষিক বৈঠকে এ সমর্থন জানানো হয়। বৈঠকে মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর ব্যাপারে রুশ মন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন ড. মোমেন। তিনি রোহিঙ্গাদের ফেরানোর লক্ষ্যে রাখাইনে সহায়ক পরিবেশ তৈরি, প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে মিয়ানমারকে উত্সাহিত করার জন্য রাশিয়ার সক্রিয় সহযোগিতা কামনা করেন। রুশ মন্ত্রী প্রত্যাবাসন প্রক্রিয়ায় আসিয়ানকে সম্পৃক্ত করার ধারণায় স্বাগত জানান।

গত জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর পররাষ্ট্রমন্ত্রী এটাই রাশিয়ার প্রথম দ্বিপাক্ষিক সফর। দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সকল ইস্যুতে আলোচনা করেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়েও তারা কথা বলেন। ড. মোমেন ও স্যাভরব বাস্তবায়নাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।