গুলিস্তানে ককটেল বিস্ফোরণে তিন পুলিশ আহত

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ০০:৪৯

 

রাজধানীর গুলিস্তানে ককটেল বিস্ফোরণে ট্রাফিক পুলিশের দুই কনস্টেবল এবং কমিউনিটি পুলিশের এক সদস্য আহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে গুলিস্তান আন্ডারপাসের দক্ষিণ পাশে একটি শপিং কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে কনস্টেবল নজরুল ইসলামের (৪৫) মাথায় আঘাত লেগেছে। 

হাসপাতালে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মীর রেজাউল করিম সাংবাদিকদের জানান, গুলিস্তান পাতাল সড়কের সামনের বিভাজকের পাশে কনস্টেবল নজরুল ইসলাম, লিটন চৌধুরী (৪২) এবং কমিউনিটি পুলিশের সদস্য আশিক (২৮) দায়িত্ব পালন করছিলেন। এ সময় হঠাত্ বিদ্যুত্ চলে গেলে অজ্ঞাতপরিচয় হামলাকারীরা বিভাজকের উপর ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে তারা তিনজনই আহত হন।  

মীর রেজাউল করিম বলেন, সেখানে উপস্থিত সার্জেন্ট নাসিম আহমেদ দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা  মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।  ঘটনার খবর শুনে মীর রেজাউল করিম ছাড়াও যুগ্ম কমিশনার (ট্রাফিক) মফিজ উদ্দিন আহমেদ হাসপাতালে ছুটে যান। সেখানে রেজাউল করিম বলেন, ‘তারা তিনজনই কর্তব্যরত অবস্থায় ছিল। নজরুলের মাথার পেছনে প্রায় দেড় ইঞ্চি ক্ষত তৈরি হয়েছে। অন্য দুইজনের পিঠে লেগেছে।’ কারা ওই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সে ব্যাপারে কোনো ধারণা দিতে পারেননি পুলিশ কর্মকর্তারা।