স্বাগতিক পেসারদের দাপটে দ্বিতীয় ইনিংসেও বিপদে পড়েছে নিউজিল্যান্ড। গতকাল বৃহস্পতিবার কেপ টাউনের নিউজিল্যান্ডসে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে চা বিরতির আগে দ্বিতীয় ইনিংসে ৩৩ রানে দুই উইকেট হারায় সফরকারীরা। ফলে তখনো ২৬৯ রানে পিছিয়ে ছিল ব্ল্যাক ক্যাপরা। ওই সময় উইকেটে অপরাজিত ছিলেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ১৭ ও ডিন ব্রাউনলি রানের খাতা না খুলে।
নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল রানের খাতা খোলার আগে পেসার ডেল স্টেইনের শিকার হন। কেন উইলিয়ামসন (১৫) ক্যালিসের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। টেস্টের উদ্বোধনী দিনে নিউজিল্যান্ড মাত্র ৪৫ রানে অলআউট হয়ে যায়। জবাবে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা প্রথম দিন শেষে তিন উইকেটে ২৫২ রান তুলেছিল। তখন উইকেটে ছিলেন ওপেনার আলভিরো পিটারসেন (১০৩) ও এবি ডিভিলিয়ার্স (১৯)। কাল দক্ষিণ আফ্রিকা আট উইকেটে ৩৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। পিটারসেন আউট হন ১০৬ রান করে। এটি তার ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার হয়ে এছাড়া হাশিম আমলা ৬৬, জ্যাক ক্যালিস ৬০ ও ডিভিলিয়ার্স ৬৭ রান করেন। নিউজিল্যান্ডের বোলার ট্রেন্ট বোল্ট ৭৮ ও ক্রিস মার্টিন ৬৩ রানে তিনটি করে উইকেট নেন।
