বঙ্গোপসাগরে সীমা লংঘন

ভারতীয় জেলেদের অবৈধ মাছ শিকার

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২১:২০
বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমা লংঘন করে ভারতীয় মাছধরা ট্রলার আবারও মত্স্য শিকার শুরু করেছে। বলেশ্বর মোহনা, দুবলার চর, মহিপুর ইত্যাদি উপকূলে কয়েকদিন ধরে ভারতীয়রা বাংলাদেশি জেলেদের তাড়িয়ে দিয়ে মাছ ধরে নিয়ে যাওয়ার উদ্বেগজনক খবর পাওয়া গেছে। দুবলা ফিশার মেন গ্রুপ সূত্রে জানা গেছে, উচ্চগতিসম্পন্ন, ভিএইচএফ অয়্যারলেস সজ্জিত ও বিশেষ ট্রলিং করার সুবিধাসম্বলিত এসব ট্রলার একযোগে সমুদ্রসীমায় অবৈধভাবে ঢুকে বাংলাদেশীদের উপর সন্ত্রাস সৃষ্টি করে। এদেশী জেলেদের পাতা বেহুন্দি জালের সামনে ট্রলিং করে এবং এ সময় জাল ছিঁড়ে ফেলে। বাংলাদেশীরা প্রতিবাদ করলে জেলেদের উপর হামলা চালায়। দুবলা ফিশার মেন গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান শামীম জানান, কয়েক মাস আগে নৌবাহিনীর টহল বৃদ্ধি এবং অবৈধ ভারতীয় জেলেদের মধ্যে ট্রলারসহ বেশ কয়েকজন জেলে বাংলাদেশি আইন-শৃঙ্খলাবাহিনীর হাতে গ্রেফতার হওয়ায় এই প্রবণতা বন্ধ হয়েছিল। কিন্তু সমপ্রতি নৌবাহিনীর টহল শিথিল হওয়ায় আবারও বঙ্গোপসাগরে ভারতীয় জেলেদের অনুপ্রবেশ আশঙ্কাজনকহারে বেড়ে গেছে।