কাউনিয়ায় ইউপিজিপি’র অবহিতকরণ কর্মশালা
কাউনিয়া (রংপুর) সংবাদদাতা\ গত বুধবার রংপুরের কাউনিয়া উপজেলা উপশাসনের আয়োজনে স্থানীয় সরকারকে শক্তিশালী করার লক্ষ্যে জনপ্রতিনিধি এবং ইউনিয়ন পরিষদ সচিবদের নিয়ে ইউনিয়ন পরিষদ গভার্ন্যান্স প্রজেক্টের উপর অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মোতালেব হোসেন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিনা তালুকদার, রফিকুল ইসলাম, কাউনিয়া থানার অফিসার ইনচার্জ সেলিম হোসেন, শিক্ষা কর্মকর্তা আকতারী পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমিন, বালাপাড়া ইউপি চেয়ারম্যান নুরুল হক, সচিব মানক সরকার, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান আলিম উদ্দিন, হারাগাছ ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মাকা, শহীদবাগ চেয়ারম্যান আব্দুল হান্নান প্রমুখ।
নগরকান্দায় ভোটার তালিকার খসড়া প্রকাশ
নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার ফরিদপুরের নগরকান্দায় হালনাগাদকৃত ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে উপজেলা নির্বাচন কার্যালয়। উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার হালনাগাদ ভোটার তালিকায় নতুন ভোটার যোগ হয়েছে ৯ হাজার ৯শ ২৫ জন। ২০০৯ সালের তালিকায় মোট ভোটার ছিল ১ লাখ ১৫ হাজার ৬শ ৯৭ জন। বর্তমানে উপজেলায় মোট ভোটারসংখ্যা দাঁড়াল ১ লাখ ২৫ হাজার ৬শ ২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৩ হাজার ২শ ২৮ জন ও মহিলা ভোটার ৬২ হাজার ৩শ ৯৪ জন।
বগুড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময়
বগুড়া প্রতিনিধি \ ইসলামী ব্যাংক বিশ্বের এক হাজার সেরা ব্যাংকের মধ্যে অন্যতম সেরা ব্যাংক নির্বাচিত হওয়ায় বগুড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে ব্যাংক কর্তৃপক্ষ। গত বুধবার ব্যাংকের বগুড়া জোনাল কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান শফিকুল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বগুড়া জোনের ভাইস প্রেসিডেন্ট শাহজাহান আলী, বগুড়া শাখার ব্যবস্থাপক কাওছার আলী, বড়গোলা শাখার ব্যবস্থাপক আনিছুর রহমান, সাংবাদিক রেজাউল করিম বাদশা, যাহেদুর রহমান যাদু, প্রদীপ ভট্টাচার্য শঙ্কর, মির্জা সেলিম রেজা, আব্দুর রহীম বগ্রা, মোহন আখন্দ, আতাউর রহমান মিলন, এফ শাহজাহান, নাছিমা সুলতানা ছুটু প্রমুখ।
নবীনগরে দুই জামায়াত নেতা গ্রেফতার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা\ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা জামায়াতে ইসলামীর রোকন সাইফুর রহমান বাশার (৩২) ও উপজেলা ছাত্রশিবিরের সাথী তৈয়ব আলীকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার নবীনগর সদর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয় । নবীনগর থানার অফিসার ইনচার্জ মো. আবু জাফর বলেন, তারা পার্শ্ববর্তী কসবা উপজেলায় জামায়াত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষের মামলার অন্যতম আসামি।
সাদুল্লাপুরে অপসারণ দাবিতে বিক্ষোভ
গাইবান্ধা প্রতিনিধি \ অনিয়ম-দুর্নীতির অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী গোলাম ফারুক মিয়ার অপসারণ দাবিতে বুধবার বিক্ষোভ করেছে ওই অফিসের নকলনবিস এবং এলাকাবাসী। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নকলনবিস অসীম কুমার সরকার, মোজাম্মেল হক মিয়া, রায়হানুল হক রবার্ট, অনন্ত কুমার সরকার, জাকিউল ইসলাম খোকন, নুরুন নবী সরকার প্রমুখ।
রাবি এ্যালামনাই নিবন্ধন শেষ ১৫ জানুয়ারি
রাজশাহী অফিস\ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘রাজশাহী ইউনিভার্সিটি এ্যালামনাই এ্যাসোসিয়েশন’-এর প্রথম সম্মিলনে অংশগ্রহণেচ্ছুদের ব্যাপক সাড়া লক্ষ্য করে সদস্যভুক্তি ও নিবন্ধনের তারিখ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। গত বুধবার জীব ও ভূবিজ্ঞান অনুষদ অধিকর্তার অফিসে এ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর নূরুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সভায় প্রথম সম্মিলনের প্রস্তুতি কার্যক্রম পর্যালোচনা করা হয়।
সৈয়দপুরে কিশোর হত্যা
সৈয়দপুর সংবাদদাতা\ নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়িতে সুমন (১৫) নামে এক কিশোরকে জবাই ও হাত কেটে হত্যা করা হয়েছে। জানা যায়, উপজেলার খোর্দ বোতলাগাড়ি গ্রামের পক্ষাঘাতগ্রস্ত শামসুল হকের পুত্র সুমন বুধবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে আসে এবং মোড়ের দোকানে পিঠা কিনে খায়। এরপর পূর্ব শক্রতার জের ধরে বোতলাগাড়ি উচ্চ বিদ্যালয়ের সন্নিকটে দুর্বৃত্তরা জবাই ও হাত কেটে ফেলে রেখে যায়।
শেরপুরে শিক্ষার মানোন্নয়নে সভা
শেরপুর (বগুড়া) সংবাদদাতা
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শতভাগ ভর্তি নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধকল্পে গৃহীত কার্যক্রম ও আগামীদিনের কর্মপরিলিল্পনা বিষয়ে শেরপুরে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। গত বুধবার শেরপুর পল্লী উন্নয়ন একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত রাজশাহী বিভাগের প্রাথমিক শিক্ষায় নিয়োজিত কর্মকর্তাগণের সমন্বয়ে এ সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন এমপি। বগুড়া জেলা প্রশাসক সারোয়ার মাহমুদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী ও রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক সৈয়দ নাজিম উদ্দিন।
লক্ষ্মীপুরে ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন
লক্ষ্মীপুর প্রতিনিধি \ লক্ষ্মীপুর মান্দারী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সমিতির ব্যাংক রোডস্থ কার্যালয়ে বুধবার অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মো. আবদুল কাদের ভূঞা, সহ-সভাপতি ওমর ফারুক সোহাগ, সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক ইকবাল বাহার, অর্থ সম্পাদক সামছুল আলম সবুজ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, প্রচার সম্পাদক আবদুর রহমান, দপ্তর সম্পাদক মো. আতিকুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক খুরশিদ আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জহির উদ্দিন নির্বাচিত হয়েছেন।
মোরেলগঞ্জে গাঁজা ব্যবসায়ী আটক
মোরেলগঞ্জ সংবাদদাতা \ বাগেরহাটের মোরেলগঞ্জ থানা পুলিশ বুধবার অভিযান চালিয়ে মিণ্টু আকন (৩৫) নামে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে। পুলিশ এ সময় মোরেলগঞ্জ কেজি রোডস্থ তার ভাড়ার বাসায় তল্লাশি চালিয়ে প্রায় ৮শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। মিণ্টু আকন শরণখোলা উপজেলার জানেরপাড় গ্রামের হাকিম আকনের পুত্র। সে দীর্ঘদিন ধরে চায়ের দোকানের আড়ালে গাঁজা বিক্রি করে আসছিল। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
নেত্রকোনায় হুইল চেয়ার বিতরণ
নেত্রকোনা প্রতিনিধি\ নেত্রকোনা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে গত বুধবার নেত্রকোনা সদরের ১০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার এবং ৬০ জন দরিদ্র পুরুষ ও মহিলার মাঝে কম্বল বিতরণ করা হয়। জেলা প্রশাসক আনিস মাহমুদ হুইল চেয়ার ও কম্বল বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো. রইছ উদ্দিন, পৌর মেয়র প্রশান্ত রায় এবং জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল উপস্থিত ছিলেন।
কাউনিয়ায় শিক্ষকদের প্রস্তুতি সভা
কাউনিয়া (রংপুর) সংবাদদাতা \ আগামী ৯ জানুয়ারি বেসরকারি শিক্ষকদের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গত বুধবার রংপুরের কাউনিয়ায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলার পূর্ব নিজপাড়া রেজিঃ প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষক সমিতির সভাপতি মজিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঢাকা কল্যাণ ট্রাস্টি বোর্ড এমএ সোবহান, রংপুর বিভাগ শিক্ষক সমিতির সভাপতি ওমর ফারুক বাদল, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, বদরগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি সুকুমার সরকার, কাউনিয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামছুল হক, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ।
মির্জাপুরে ব্যবসায়ীর টাকা ছিনতাই
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে দুই ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার হাঁটুভাঙ্গা এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা গেছে, গোড়াই খামার পাড়া গ্রামের মাটি ব্যবসায়ী হায়দার আলী (৪৫) ও মতি মিয়া (৫০) সোনালী ব্যাংক থেকে দেড় লাখ টাকা তুলে রিকশাযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় পিছন দিক থেকে একটি মাইক্রোবাস এসে তাদের রিকশার গতিরোধ করে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। ছিনতাইকারীরা তাদের চোখে মলম এবং নেশা জাতীয় জিনিস দিয়ে অজ্ঞান করে রাস্তার পাশে ফেলে টাকা নিয়ে চম্পট দেয়।
বটিয়াঘাটা ভূমি অফিসারের বিরুদ্ধে অভিযোগ
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা \ ভূমি অফিসে খাস জমি চাইতে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছেন বটিয়াঘাটা উপজেলার হাটবাটী গ্রামের মৃত আফসার আলীর স্ত্রী শেফালী বেগম। তিনি সহকারী কমিশনার (ভূমি) ইবাদত হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় কমিশনারের নিকট লিখিত আবেদন করেছেন। অভিযোগে বলা হয়, গত ১৮ ডিসেম্বর খাস জমির আসায় গেলে সহকারী কমিশনার (ভূমি) তার সাথে আপত্তিকর ভাষায় কথা বলেন।
কাঠালিয়ায় ধানবীজ বিতরণ
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নে বোরো বীজধান বিতরণ উপলক্ষে এক সভা গতকাল বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ইজওয়ার প্রকল্প অফিসার সতিশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ আখতার হোসেন নিজাম মীরবহর। বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আসাদুল ইসলাম চিনু, মোঃ অমিরুল ইসলাম ফারুকী, মোঃ হুমায়ুন কবির প্রমুখ।
ভালুকায় ১৫ লাখ টাকা জরিমানা
ভালুকা সংবাদদাতা\ পরিবেশ দূষণের অভিযোগে ভালুকায় এসকিউ হিউস লিমিটেড নামের একটি কারখানাকে ১৫ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। দূষিত তরল বর্জ্যদ্বারা খীরু নদী দূষণ ও কৃষি জমি ধ্বংস করার অপরাধে ওই জরিমানা করা হয়। একটি সূত্র জানায়, ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়িতে অবস্থিত এসকিউ হিউস লিমিটেড নামের কারখানাটির দূষিত তরল বর্জ্য খীরু নদী দূষণ ও কৃষি জমি ধ্বংস করে আসছিল। পরিবেশ অধিদপ্তরের একটি বিশেষ টিমের অভিযানে ওই ঘটনা প্রমাণিত হলে পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী কারখানাটিকে ১৫ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করেন।
বগুড়ায় ছাত্রদলের আনন্দ র্যালি
বগুড়া প্রতিনিধি \ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দু’দিনব্যাপী কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল। বুধবার দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত ছাত্র সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। ছাত্রদল জেলা সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কুঠির শিল্প বিষয়ক সম্পাদক হেলালুজ্জমান তালুকদার লালু, বিএনপির বগুড়া জেলা সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলহাজ্ব হামিদুল হক চৌধুরী হিরু ও সহিদ উন নবী সালাম প্রমুখ।
বাউফলের বগা বন্দরে তদন্ত কেন্দ্র চালু
বাউফল সংবাদদাতা \ পটুয়াখালীর বাউফলের বগা বন্দরে পুলিশের তদন্ত কেন্দ্র চালু করা হয়েছে। ১ জানুয়ারি থেকে এর কার্যক্রম শুরু হয়েছে। এ জন্য ১ জন উপ-পুলিশ পরিদর্শক ও ১জন সহকারি উপ-পুলিশ পরিদর্শক নিয়োগ দেয়া হয়েছে। গত মঙ্গলবার পটুয়াখালীর পুলিশ সুপার রফিকুল হাসান গনি উক্ত তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন।
গাংনীতে ডাকাতি, মালামাল লুট
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা \ মেহেরপুরের গাংনীতে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনায় প্রায় অর্ধলক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে বলে জানা গেছে। বুধবার মধ্য রাতে পূর্ব মালসাদহ গ্রামের জালালের ছেলে আশরাফুলের মুদি দোকানে একদল ডাকাত টিন খুলে প্রবেশ করে একটি রঙ্গিন টেলিভিশনসহ প্রায় অর্ধলক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
রানীনগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
রানীনগর (নওগাঁ) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার রানীনগরের হরিশপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের ৯ জন এ+ শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাতাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল হোসেন। অন্যদের মধ্য বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার পাল, স্কুল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম, মিরাট ইউপি’র ৮ ও ৯ নং ওয়ার্ডের মেম্বার ইয়াকুব আলী, আলিম উদ্দিন ও অভিভাবকবৃন্দ।
নাগেশ্বরী পৌর আওয়ামী লীগের কাউন্সিল
নাগেশ্বরী সংবাদদাতা \ নাগেশ্বরী পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। বুধবার দিনব্যাপী পৌর হলরুমে আলোচনা শেষে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে আবুল হোসেন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আব্দুল হাই ভুট্টু নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আশরাফুল আলম (চৌধুরী), রিয়াজুল ইসলাম মাষ্টার এবং সাংগঠনিক সম্পাদক পদে রফিকুল ইসলাম, আহসানুল হক এস্টেলিন নির্বাচিত হয়েছেন।
ক্ষেতলাল সংগীতালয়ের তৃতীয় বর্ষ উদযাপন
ক্ষেতলাল (জয়পুরহাট) সংবাদদাতা \ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গত বুধবার ‘ক্ষেতলাল সংগীতালয়’-এর তৃতীয় বর্ষ উদযাপন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৬ বরেণ্য ব্যক্তিকে সম্মাননা প্রদান ছাড়াও সংগীত, নৃত্য, অংকন ও কবিতা আবৃত্তি পরিবেশনের মাধ্যমে শ্রেষ্ঠদের পুরস্কৃত করা হয়েছে। স্থানীয় এস এ কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে ক্ষেতলাল শহীদ মিনারের পাদদেশে আয়োজিত বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা আখতার জাহান, সহকারী অধ্যাপক সাধন কুমার সরকার, পৌর মেয়র আব্দুল মান্নান মোল্লা, মিলটেক মেগামার্টের চেয়ারম্যান এস. এম মাহবুব আলম প্রমুখ।
সদরপুরে জাকের মঞ্জিলের আজিমুশ্বান জলসা অনুষ্ঠিত
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা\ বিশ্ব জাকের মঞ্জিল আটরশির উদ্যোগে গত বুধবার রাতব্যাপী সদরপুর স্টেডিয়াম মাঠে এক আজিমুশ্বান ইসলামী জলসার আয়োজন করা হয়। উক্ত জলসায় খাজা বাবা ফরিদপুরীর হাজার হাজার জাকেরান, আসেকানের উপস্থিতি ঘটে। বাদ মাগরিব থেকে শুরু হয়ে উক্ত জলসায় বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলামিক চিন্তাবিদ ও ওলেমাগণ বয়ান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরজাদা খাজা মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী।
নেত্রকোনায় বৃদ্ধ খুন
নেত্রকোনা প্রতিনিধি\ নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চারীগাওপাড়া গ্রামে দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন হয়েছেন বৃদ্ধ কৃষক ইসমাইল হোসেন (৬২)। জানা গেছে, গত মঙ্গলবার রাতের খাবার খেয়ে ইসমাইল হোসেন শুয়েছিলেন, রাত সাড়ে ১০টার দিকে মুখ ঢাকা দুজন দুর্বৃত্ত ঘরের দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে ঢুকেই ইসমাইলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে শুরু করে। এ সময় পাশে শুয়ে থাকা তার স্ত্রী জমিলা খাতুন চিত্কার শুরু করলে দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করে। চিত্কার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই ইসমাইল হোসেনের মৃত্যু হয়।
