কুমিল্লায় নিলয় হত্যাকাণ্ডে কেউ ধরা পড়েনি

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২১:২১
কুমিল্লা মডার্ণ হাইস্কুলের দশম শ্রেণিতে উত্তীর্ণ শাহীন জাকারিয়া নিলয় খুনের মামলায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত আসামিদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।গত ৩১ ডিসেম্বর রাতে নিজের ১৪তম জন্মদিনের উত্সব পালন করে বন্ধুদের সাথে থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে ঘর থেকে বের হওয়ার পর পূর্বশত্রুতার জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে নগরীর নতুন চৌধুরীপাড়া এলাকায় সহপাঠিদের ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন হয় নিলয়। এ ব্যাপারে দায়ের করা মামলার ৩ জন আসামিই কুমিল্লা মডার্ণ হাইস্কুল ও কুমিল্লা জিলা স্কুলের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ছাত্র, অন্যরা অছাত্র। আসামি মোজাম্মেল, ভিকী ও তুহীন পরস্পর নিকটাত্মীয় এবং তারা পেশাদার খুনির মতোই উপর্যুপরি ছুরিকাঘাত করে নিলয়কে খুন করেছে। জানা যায়, স্কুল ছাত্র নিলয় হত্যাকাণ্ডের ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৩/৪ জনকে আসামি করে গত মঙ্গলবার কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের মামা আরিফুর রহমান। এ মামলার আসামিরা হচ্ছে, নগরীর নতুন চৌধুরীপাড়া এলাকার বিকি, তুহিন, রাফি, মোজাম্মেল এবং রিনবী। এদের মধ্যে রাফি কুমিল্লা জিলা স্কুলের ৬ষ্ঠ শ্রেণির এবং রিনবী কুমিল্লা মডার্ণ স্কুলের ৭ম শ্রেণির ছাত্র। তুহিন ও মোজাম্মেলসহ অজ্ঞাতনামা অপর আসামিরা অছাত্র বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় কুমিল্লা মডার্ণ স্কুলের শিক্ষার্থীদের মাঝেও এক ধরনের আতংক বিরাজ করছে। এ ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে চরম দুঃশ্চিন্তার কথাও প্রকাশ করেছেন।