মনোহরদীর অপহূত শিশু উদ্ধার হয়নি

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২১:২২
নরসিংদীর মনোহরদীতে মারুফা নামের ৪ বছরের শিশু অপহরণের ঘটনা ঘটেছে। প্রকাশ, ২৬ ডিসেম্বর মনোহরদী উপজেলার চঙ্গভাঙ্গা গ্রামের আ. রহমানের ৪ বছরের শিশু কন্যা মারুফা সকালে সহপাঠীদের সাথে পার্শ্ববর্তী বাদল মিয়ার বাড়িতে গিয়ে অপহূত হয়। অপহরণের একদিন পর মারুফার অপহরণকারীরা মোবাইল ফোনে মারুফার বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। অপহরণকারীদের মোবাইল ফোনের সূত্র ধরে গত ৩১ ডিসেম্বর মারুফার বাবা আ. রহমান একই গ্রামের বাদল মিয়া ও তার স্ত্রী মুনমুন বেগমসহ তিনজনের নামে মনোহরদী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল জানান, আসামি বাদল মিয়া ও তার স্ত্রী মুনমুনকে গ্রেফতার করে জিজ্ঞাসার জন্য আদালতের মাধ্যমে রিমান্ডে আনা হয়েছে। মারুফাকে উদ্ধারের জোর চেষ্টা চলছে।