মহাদেবপুরে সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহে অনিয়ম

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২১:২৩
নওগাঁর মহাদেবপুরে অস্তিত্বহীন চালকলের নামে বরাদ্দ নিয়ে সরকারি খাদ্যগুদামে শত শত মেট্রিক টন চাল সরবরাহের অভিযোগ উঠেছে। স্থানীয় সংসদ সদস্যসহ খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক (সংগ্রহ) পরিচালক (প্রশাসন) ও রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এবং সংশ্লিষ্ট অন্যান্য স্থানে স্থানীয় মিল মালিক গ্রুপ এ বিষয়ে লিখিত অভিযোগ করেছে। উপজেলা সদরের ওসমান গণির স্ত্রীর নামের মেসার্স কফিল চালকল ও আ. রাজ্জাকের মেসার্স বিসমিল্লা-৩ চালকলসহ কয়েকটি মিলের কোন অস্তিত্বই নেই। এছাড়াও একই আ. রাজ্জাকের মেসার্স বিসমিল্লা অটোমেটিক চালকল, মেসার্স বিসমিল্লা চালকল-২, মেসার্স কফিল এগ্রো চালকল, তার স্ত্রী জামিলা বেগমের নামে মেসার্স রাবেয়া সিদ্ধ অটোমেটিক চালকল, মেসার্স রাবেয়া-৩ চালকল, আ. রাজ্জাকের ভাই ওসমান গণির মেসার্স রুহুল আমিন সিদ্ধ অটোমেটিক চালকল, রুহুল আমিন চালকল-২, তার স্ত্রী রওশন আরার নামে মেসার্স কফিল চালকল এবং রাজ্জাক ও ওসমান এ দুই ভাইয়ের নামে মেসার্স কফিল এগ্রো. অটোমেটিক চালকলসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান নামসর্বস্ব। অভিযোগকারীরা জানান, এসব জানার পরেও জেলা খাদ্য নিয়ন্ত্রক রবিউল আহসান এসব চালকল মালিককে ফাঁকিবাজি করার সুযোগ করে দিয়েছেন। অস্তিত্বহীন ও ভুয়া এসব চালকলের নামে সরকারি গুদামে চাল সরবরাহের কথা স্বীকার করলেও জেলা খাদ্য নিয়ন্ত্রক রবিউল আহসান তার উেকাচ গ্রহণের ব্যাপারে কোন সদুত্তর দিতে পারেননি।