মনোহরদীতে আর্সেনিক পরীক্ষা হয়নি আট বছর

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২১:২৪
মনোহরদী উপজেলায় বারটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৫০ হাজারের বেশি নলকূপের পানিতে আর্সেনিকের মাত্রা পরীক্ষা করা হয়নি গত আট বছর ধরে। রবিবার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতায় নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম কর্তৃক আয়োজিত মনোহরদী উপজেলা আর্সেনিক মেটিগেশন কমিটির একদিনের কর্মশালায় জানানো হয় ২০০৪ সলে উপজেলার ৪২ হাজার ২ শ’ ৪৪টি নলকূপের পানিতে আর্সেনিকের মাত্রা পরীক্ষা করা হয়। গত আট বছরের মধ্যে ব্যাপকভাবে আর আর্সেনিকের পরীক্ষা করা হয়নি। উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে পর্যাপ্ত কিডস্-এর অভাবে নতুন ভাবে স্থাপন করা নলকূপগুলোর আর্সেনিকের মাত্রা পরীক্ষা করা যাচ্ছে না। কাঁচিকাটা, দৌলতপুর, শুকুন্দী, একদুয়ারিয়া, চরমান্দালিয়া এ ৫টি ইউনিয়নে আর্সেনিক আক্রান্ত ৬৩ রোগী সনাক্ত করা হয়েছে। যাদেরকে এ রোগ থেকে সারিয়ে তোলার জন্য বিভিন্ন মেয়াদে চিকিত্সা দেয়া হচ্ছে। কর্মশালায় বক্তব্য রাখেন জাতীয় রির্সোস পার্সন ডা.আশিষ সাহা রায়, সহকারী কমিশনার (ভূমি) ফ্লোরা বিলকিস জাহান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো: নূরুল ইসলাম, পরিবার-পরিকল্পনা কর্মকর্তা আ: রাজ্জাক, গণস্বাস্থ্য উপ-প্রকৌশলী মোস্তফা আহামেদ,প্রভাষক প্রিয়শিষ রায় প্রমুখ।