মির্জাপুরে জালিয়াত চক্রের ৮ সদস্য জেল হাজতে

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২১:২৮
জাল দলিলের মাধ্যমে নিরীহ ব্যক্তির জমি আত্মসাতের অভিযোগে ভূমি দস্যু হিসেবে পরিচিত এবং জমি জালিয়াত চক্রের ৮ সদস্যকে জেল হাজতে প্রেরণ করেছে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। বুধবার মির্জাপুর উপজেলার গোড়াইল গ্রামে এ ঘটনাটি ঘটেছে। জালিয়াত চক্রের সদস্যরা হচ্ছে ভাদগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য শহিদ মৃধা (৪৫), শ্রমিক দলের সভাপতি কোব্বত আলী (৫০), দলিল লেখক টিটু (২৬), সহিদুর রহমান মৃধা (৪০), এবাদত মৃধা (৪২), খিজির মৃধা (৩৫), জিয়ারত মৃধা (৪০) এবং গীরেন মাস্টার (৫০)। মির্জাপুর থানা পুলিশ সূত্র জানায়, ভূমি দস্যুরা জালিয়াত চক্রের অপর সদস্য দলিল লেখক টিটুর সঙ্গে যোগসাজশ করে রেজাউল করীম সিকদার বাবুল (৪৬) নামে এক নিরীহ ব্যক্তির ১১ শতাংশ জমি জাল দলিলের মাধ্যমে লিখে নেয়। বর্তমানে ঐ জমির মূল্য প্রায় দেড় কোট টাকা। অসহায় রেজাউল করীম বাবুল জমির মালিকানা দাবি এবং ন্যায় বিচার চেয়ে টাঙ্গাইল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উল্লেখিত ভূমি দস্যুদের নামে মামলা করেন। জালিয়াত চক্রের সদস্যরা কোর্টে হাজিরা দিতে এলে ম্যাজিস্ট্রেট তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এ দিকে দলিল লেখক টিটুর নামে মির্জাপুর আদালত পাড়ায় জাল দলিলের ব্যাপক অভিযোগ রয়েছে। জাল দলিলের মাধ্যমে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।