কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের জিটিসিপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ৩‘শ টাকা নিয়ে বই বিতরণ করার অভিযোগ পাওয়া গেছে।
জিটিসিপি মাধ্যমিক বিদ্যালয়ের সাড়ে ৩শ’ ছাত্র-ছাত্রীর কাছ থেকে নগদ ৩শ’ টাকা অগ্রিম নিয়ে তাদের বই দেয়া হয়েছে। এ ব্যাপারে ছাত্র-ছাত্রীর অভিভাবকরা টাকা জমার রশিদ চাইলে প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক রশিদ দেননি বলে তারা জানান। ভুক্তভোগী অভিভাবকরা জানান, প্রধান শিক্ষক রশিদ না দেবার কারণ জানতে চাইলে জানান, এ টাকার কোন রশিদ দেয়া হবে না। এ ব্যাপারে প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক জানান, সেশন ফি বাবদ ৩‘শ টাকা নেয়া হয়েছে। রশিদ দেয়া হয়নি কেন জানতে চাইলে এ বিষয়টি তিনি এড়িয়ে যান। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ জানান, যদি কেউ টাকার বিনিময়ে বই বিতরণ করেন অথবা বইয়ের জন্য জিম্মী করে সেশন ফি আদায় করে থাকেন তবে, তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
