চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মশিউর রহমানের ওপর হামলার প্রতিবাদে ও ডা. নুরুন নাহারের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারী এবং স্থানীয় ক্লিনিকের মালিক ও কর্মচারীরা গতকাল বৃহস্পতিবার মৌন মিছিল ও মানববন্ধন করে। বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে সিভিল সার্জন ডা. মিজানুর রহমানের নেতৃত্বে মৌন মিছিলটি স্থানীয় শহীদ হাসান চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানেই আধা-ঘন্টাব্যাপী মানববন্ধনে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ)-এর সভাপতি ডা. মার্টিন হিরোক চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. শাহাদত্ হোসেনসহ উপস্থিত নের্তৃবৃন্দ ঘোষণা দেন শুক্রবারের মধ্যে দোষীদের গ্রেফতার করতে না পারলে শনিবার থেকে খুলনা বিভাগের সকল হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করা হবে।
প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় এক রোগীর মৃত্যু হয়। এ ঘটনায় তার স্বজনরা ডাক্তারের অবহেলার অভিযোগ তুলে জরুরী বিভাগে কর্মরত ডা. মশিউর রহমানসহ ৫ কর্মচারীর উপর হামলা চালায়। ভাংচর করা হয় হাসপাতালের দরজা-জানালা। ২৬ ডিসেম্বর বিকালে ডা. মশিউর রহমান বাদী হয়ে ৫ জনকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন এবং ওই দিন থেকে ধারাবাহিকভাবে ডাক্তাররা হাসপাতালে চিকিত্সা সেবা বন্ধসহ বিভিন্ন কর্মসুচি পালন করে আসছেন।
