শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন প্রজন্মকে বিশ্বমানের বিজ্ঞান শিক্ষা দিতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দক্ষ শিক্ষক নিয়োগ, শ্রেণীকক্ষ তৈরি ও সমৃদ্ধ বিজ্ঞানাগার নির্মাণ করে সরকার বিজ্ঞান শিক্ষার অগ্রগতিতে কাজ করছে। বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করতে সরকার ভ্রাম্যমাণ বিজ্ঞানাগার চালু করেছে। মন্ত্রী গতকাল বৃহস্পতিবার সকালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিজ্ঞান শিক্ষায় অনীহা ভবিষ্যতে বিপদ ডেকে আনবে। তিনি বলেন, কেবল বাংলাদেশে নয়, পুরো বিশ্বেই এ প্রবণতা চলছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. সালেহ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ভৌত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জাকির হোসেন, সম্মেলনের সদস্য সচিব অধ্যাপক শরীফ মো. শরাফ উদ্দিন ও অধ্যাপক আবদুল হান্নান প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্সেস ইন ফিজিক্স’ শীর্ষক তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ। সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ইয়াসমিন হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিন দিনের এই সম্মেলনে পদার্থবিজ্ঞানের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে দেশি-বিদেশি গবেষকদের মধ্যে তথ্যের আদান-প্রদান হবে। আমেরিকা, ইন্ডিয়া, জাপান, নেপাল ও বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের তিন শতাধিক গবেষক ও শিক্ষক-শিক্ষার্থী সম্মেলনে অংশগ্রহণ করছেন বলে তিনি জানান। তিন দিনব্যাপী এই সম্মেলনে বয়োফিজিক্স, ননলিনিয়ার অপটিক্স, মেডিক্যাল ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স, কনডেন্সড ম্যাটার ফিজিক্স, কোয়ান্টাম মেকানিক্স, রিয়েক্টর ফিজিক্স এবং প্লাজমা ফিজিক্সসহ পদার্থবিজ্ঞানের ১২টি বিষয়ের উপর অর্ধশতাধিক প্রবন্ধ উপস্থাপন করা হবে। সম্মেলনের দ্বিতীয় দিন আজ শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘ফিজিক্স এডুকেশন টুডে’ শীর্ষক মুক্ত আলোচনা হবে। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।
