পুলিশের ওপর হামলা মামলা

ডোমারে জামায়াত-শিবিরের ৩৮ নেতাকর্মীকে জেলে প্রেরণ

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২১:৫৪
গত ৫ ডিসেম্বর ডোমার উপজেলা সদরে পুলিশের সাথে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষ, হামলা, ভাংচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় দায়েকৃত মামলায় গতকাল বৃহস্পতিবার জামায়াত-শিবিরের ৩৮ নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সূত্র জানায়, উপজেলা জামায়াতের আমির কাজী আবু জাফর (বাবলু) ও উপজেলা সেক্রেটারি আব্দুল হাকিমসহ ৪৮ নেতাকর্মী সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা ইয়াসমিন মুক্তার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করে সকলকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। সূত্র জানায়, ডোমার থানার এসআই সিরাজুল ইসলাম বাদি হয়ে ঘটনার দিন ৭৩ জামায়াত-শিবির নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন (নং-০৪/৯৫)। উল্লেখ্য, একই মামলায় আগে আটক হওয়া ৯ জামায়াত-শিবির কর্মী বর্তমানে জামিনে রয়েছে। সাভারে জামায়াত-শিবিরের ৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা গত বুধবার বিকালে জামায়াতের মিছিল থেকে অটোরিক্সা ভাংচুর করার অভিযোগে জামায়াত-শিবিরের ৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বুধবার রাতে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ালি আশরাফ খান বাদী হয়ে দ্রুত বিচার আইনে এ মামলাটি দায়ের করেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২৫ জন জামায়াত-শিবিরের নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এর মধ্যে এজাহারনামীয় জামায়াত-শিবিরের ২ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছেন ছাত্রশিবিরের ঢাকা জেলা (উত্তর) সেক্রেটারি শফিকুল ইসলাম (২৬) ও জামায়াতে ইসলামীর কর্মী আব্দুল কুদ্দুস (৩০)।