রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় ধানমন্ডির ৭/এ সড়কের ৮৯ নম্বর বাড়ির পশ্চিম কোণ থেকে উদ্ধার হওয়া লাশটি নিয়ে ইতোমধ্যেই ধূম্রজাল সৃষ্টি হয়েছে। নবজাতকের পরিচয় নিশ্চিত করতে গতকাল সকালে আলামত সংগ্রহ করেছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল।
ধানমন্ডি থানার এসআই কামরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নবজাতক বেঁচে থাকা অবস্থায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাই শিশুটির পরিচয় সনাক্ত করতে ডিএনএ পরীক্ষার জন্য সিআইডি’র সহায়তা নেয়া হয়েছে। লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
