দেশের সর্বত্রই দুর্নীতি হচ্ছে

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২১:৫৭
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের সমন্বয়ক তরিকুল ইসলাম বলেছেন, শুধুমাত্র পদ্মা সেতু নয়; দেশের সর্বত্রই দুর্নীতি হচ্ছে। অবৈধ ভিওআইপি ব্যবসার মাধ্যমে সরকারি দলের লোকজন হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে পদ্মা সেতু বাস্তবায়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে ‘প্রমাণিত দুর্নীতিপরায়ণদের রক্ষাই পদ্মা সেতু নির্মাণে অন্তরায়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিষদের সভাপতি অধ্যাপক ডা. গাজী আবদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সহ-সভাপতি মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, রাশেদা বেগম হীরা এমপি, অধ্যাপক ডা. এম এ মান্নান প্রমুখ। তরিকুল ইসলাম বলেন, বর্তমান সরকারের আমলে পদ্মা সেতু করা সম্ভব নয়। আগামীতে বিএনপি সরকার গঠন করলে খালেদা জিয়ার প্রতিশ্রুতি অনুযায়ী পাটুরিয়া ও মাওয়ায় দু’টি পদ্মা সেতু করা হবে।