সিরাজগঞ্জ ও কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও ১জন আহত হয়েছে। এরা হলো- উলাপাড়া উপজেলার তেলীপাড়া গ্রামের ছষ্টি চরণ দাসের ছেলে ভুপেন দাস (৩৮) ও পাবনার কাশিনাথপুর গ্রামের রেজওয়ান (৩০)। আহত কল্পনা রানীকে (৩৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক দুরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশের খালকুলায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী যানবাহনের চাপায় ভুপেন নিহত হয় ও তার স্ত্রী আহত হয়। অপরদিকে বিকেল সাড়ে ৪টার দিকে সলঙ্গা থানার নগরবাড়ী-বগুড়া মহাসড়কের আকন্দপাড়ার কাছে ট্রাক চাপায় রেজওয়ান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। নিহত রেজওয়ান গাজীপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। এ ঘটনায় থানায় পৃথক মামলা হয়েছে।
চান্দিনায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চান্দিনায় মাহিন (১০) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার দোতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত মাহিন চান্দিনা উপজেলার দোতলা গ্রামের প্রবাসী মিজানুর রহমানের ছেলে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এস.আই) মো. হারুনুর রশিদ জানান, রাস্তা পারাপারের সময় তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মাহিন নিহত হয়। পরে পুলিশ তেলবাহী ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
