বিশ্বের সেরা অলরাউন্ডার ক্রিকেট মাঠের তারকা সাকিব আল হাসান গত বুধবার সময় কাটিয়েছেন সিলেটের একটি স্কুল মাঠে। বুস্ট-এর অফার বিজয়ী সিলেটের স্কুল ছাত্র জুবায়ের ও তার বন্ধুদের সঙ্গে দিনভর আড্ডা দিয়েছেন সাকিব। এদিন সকাল থেকে সিলেট ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ মাঠে ছিল শিক্ষার্থীদের উপচেপড়া ভিড়। এ উপলক্ষে মাঠে আয়োজন করা হয় এক জমজমাট আড্ডা অনুষ্ঠান। ব্লু-বার্ড স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র জুবায়ের বুস্ট-এর অফার জয় করে সাকিবের সঙ্গে ‘বেস্ট ফ্রেন্ডশিপের’ সুযোগ লাভ করে। সাকিব এ উপলক্ষে বুধবার সকালেই সিলেট পৌঁছান। দিনভর তিনি জুবায়ের ও তার বন্ধুদের সঙ্গে খেলাধুলা ও খোশগল্পে মেতেছিলেন। ডায়রিতে অটোগ্রাফ দিয়েছেন অনেককে।
বেস্ট ফ্রেন্ড জুবায়েরের টানে সাকিব আসেন সিলেটে। জুবায়েরের স্কুল ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজে ঘুরে বেড়ালেন সকাল থেকে দুপুর পর্যন্ত। তাকে এক নজর দেখতে স্কুলের ভিতরে-বাইরে ছিল সমান ভিড়। সাকিবকে দেখতে পেয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী মাহজাবীন রশিদ চৌধুরী খুব খুশি। তার আফসোস সাকিবের সিগনেচার করা ছুঁড়ে দেয়া ৪টি ক্রিকেট বলের একটিও সে ধরতে পারেনি। এসময় রাস্তায় রীতিমত জ্যাম লেগে থাকে সাকিব যতক্ষণ ছিলেন স্কুলে। রাস্তায় ছিল টহল পুলিশ। অভিভাবকদের অপেক্ষা করতে হয় বেলা ৩টা পর্যন্ত স্কুল গেটে। এক পর্যায়ে সাকিব হঠাত্ করেই স্কুলের পেছনের গেট দিয়ে বেরিয়ে যান বলে জানা যায়।
বুস্ট-এর ব্র্যান্ড এম্বেসেডর হিসেবে তিনি সিলেট আসেন। কোম্পানিটির কুইজ প্রতিযোগিতায় সিলেট বিভাগে প্রথম হয়ে ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র জুবায়ের বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ‘বেস্ট ফ্রেন্ড’ হয়। সাকিব সকাল থেকে দুপুর পর্যন্ত পুরো সময়ই কাটিয়েছেন জুবায়েরের সঙ্গে। তিনি উপহার হিসেবে দিয়েছেন তার স্বাক্ষর করা একটি ক্রিকেট ব্যাট, বল ও টি-শার্ট। জুবায়েরও তার এই প্রিয় বন্ধুটিকে উপহার হিসেবে দিয়েছে বিভিন্ন সময় পত্রিকায় আসা সাকিবের অসংখ্য ছবির কাটিং। একটি ডায়রিতে এসব ছবি লাগানো ছিল। সাকিব একটি বিশাল ব্যাট ও দেয়াল ঘড়ি উপহার দেন ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজকে। স্কুলের অধ্যক্ষ হোসনে আরাও স্কুলের পক্ষ থেকে সাকিবকে উপহার প্রদান করেন।
জুবায়ের জানায়, সাকিব তার খুবই প্রিয়। তাই সাকিবের ছবি সে কাটিং করে ডায়রিতে লাগিয়ে রাখতো। বুস্টের প্রতিযোগিতায় প্রথম হয়ে সাকিবের সঙ্গে দেখা হওয়ার বিষয়টি সত্যিই তার নিকট বিস্ময়ের ব্যাপার বলে মনে হয়। সিলেটের সুবিদবাজারের ফাজিলচিস্ত এলাকার বাসিন্দা জুবায়ের জানায়, সাকিবকে পেয়ে নিজের স্কুলে বন্ধুদের নিয়ে তার সঙ্গে খেলাধুলা ও অনেক গল্প করেছে। তারা অনেক ছবিও তুলে রেখেছে।
