মাদক ব্যবসায়ীদের তাণ্ডব

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২২:১২
মাদক ব্যবসায় বাধা দেয়ায় দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা, দপ্তরীপাড়া ও হঠাত্পাড়ায় কয়েকটি বাড়িতে তাণ্ডব চালিয়েছে সন্ত্রাসীরা। গত বুধবার রাতে একদল মাদক ব্যবসায়ী ধারালো অস্ত্র নিয়ে ওইসব বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তারা ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশের উপরও চড়াও হয়। এ সময় এসআই আব্দুল মজিদ ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। পরে পুলিশের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার কোতোয়ালি থানায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। হামলায় ক্ষতিগ্রস্ত আক্তার হোসেনের স্ত্রী আরজিনা বেগম এজাহারে উল্লেখ করেন, এলাকায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে চিহ্নিত তোফাজ্জল হোসেন, সাদেকুল ইসলাম, সফিকুল ইসলাম, তৌফিকুল ইসলাম, সোহাগ টেরা, বদরুল ইসলাম বুদুসহ একদল লোক বালুয়াডাঙ্গায় আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, শ্রমিক রতন, দর্জি আব্দুর রাজ্জাক রেজু, দপ্তরীপাড়ার সাবেক কমিশনার সহিরউদ্দীন আহম্মেদ মহরী, আলাল বেপারী ও হঠাত্পাড়ার পান দোকানি মো. আলাউদ্দীন, মোবারক, মুক্তিযোদ্ধা মুসলিম বেপারী এবং চান্দু মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র হাসুয়া, চাইনিজ কুড়াল, শাবল, কুড়াল নিয়ে ওইসব বাড়ির দরজা-জানালায় এলোপাতাড়ি কোপ মারে ও লুটপাট চালায়। বুধবার রাত পৌনে ৮টা থেকে সোয়া ১০টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ হামলা চলাকালে এলাকায় ব্যাপক আতংকের সৃষ্টি হয়। ভুক্তভোগী আক্তার হোসেন ও সাবেক কমিশনার সহিরউদ্দীন এই প্রতিনিধিকে জানান, মাদক ব্যবসায় বাধা দেয়ার কারণে তাদের বাড়িতে হামলা চালানো হয়। তারা হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।