গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণে টাকা আদায়ের অভিযোগ করা হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলা সদরের কাজীপাড়া-সরদারপাড়া রেজিঃ প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন শিক্ষার্থীর অভিভাবকরা। স্কুলের সহকারী শিক্ষকরা বই বিতরণের সময় খেলাধুলার জন্য ১৫০ টাকা করে আদায় করার কথা স্বীকার করেছেন।
অভিযোগে বলা হয়েছে, পাঠ্যপুস্তক বিতরণের সময় প্রতি সেট বইয়ের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ১৫০ টাকা করে আদায় করা হয়েছে। যারা টাকা দেয়নি তাদের বই দেয়া হয়নি বলেও অভিযোগে উল্লেখ করা হয়। অভিভাবক মহব্বত মোল্লা বলেন, আমার ছেলেকে বই দেয়ার সময় ১৫০ টাকা নিয়েছেন শিক্ষকরা। যারা টাকা দিতে পারেনি তাদের বই দেয়া হয়নি।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, স্কুলের সহকারী শিক্ষক শচিন বোস, ইউনুচ আলী মোল্লা আমার অফিসে এসে বই বিতরণের সময় স্পোর্সের জন্য টাকা নেয়ার কথা বলেছেন। এ ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
