জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে গ্রেফতারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী রবিবার কুমিল্লায় অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে জেলা জামায়াত।
গতকাল বৃহস্পতিবার বিকালে জামায়াতের কুমিল্লা জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দক্ষিণ জেলা জামায়াতের আমীর আবদুস সাত্তার বলেন, কোনরূপ অভিযোগ ছাড়াই জামায়াত নেতাদের আটক শেষে মিথ্যা অভিযোগ সৃষ্টি করে হয়রানি করছে সরকার। তারা অবিলম্বে ডা.তাহেরসহ নেতৃবৃন্দকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মাস্টার আমিনুল হক, শিবিরের কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি ইসরাইল মজুমদার, মহানগর সভাপতি কামারুজ্জামান সোহেল, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর শাহ মু.মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, প্রচার সম্পাদক মু. বেলাল হোসাইন প্রমুখ।
