জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২। বেশ কয়েকবার খারিজ করার পরও একই আবেদন করায় তাকে এ জরিমানা করা হয়।
গতকাল বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালের আদেশে বলা হয়েছে, আগামী ৭ জানুয়ারির মধ্যে জরিমানার টাকা আঞ্জুমানে মফিদুল ইসলামে দান করে তার রসিদ ট্রাইব্যুনালে জমা দিতে হবে। ট্রাইব্যুনালের মামলা সংক্রান্ত কোন বিষয়ে এই প্রথম কোনো আসামিকে জরিমানা করা হলো। গতকাল কাদের মোল্ল¬ার পক্ষে আরো ৬ জনকে সাফাই সাক্ষী হিসাবে অন্তর্ভুক্ত করতে ট্রাইব্যুনালের কাছে আসামিপক্ষ এ আবেদন করেন। একই আবেদন এর আগে তিনবার ট্রাইব্যুনাল খারিজ করে দেয়। গতকাল আবারও একই আবেদন করায় তাকে এ জরিমানা করা হয় বলে তার আইনজীবী জানান। এর আগে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে কাদের মোল্লার পক্ষে ট্রাইব্যুনালের নির্ধারণ করা ৬ জন সাফাই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
গতকাল একই ট্রাইব্যুনালে কাদের মোল্লার মামলা পুনরায় শুরু করার আবেদনও করা হয়েছে। আগামী ৬ জানুয়ারি এ আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে। বর্তমানে জামায়াতের এই নেতার বিরুদ্ধে মামলার বিচার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। এই মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনও শেষ হয়েছে। আগামী ৭ জানুয়ারি থেকে আসামিপক্ষ তাদের যুক্তি উপস্থাপন করবে।
মুজাহিদের বিরুদ্ধে ১১তম সাক্ষীর জেরা সম্পন্ন
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষী ফয়েজ উদ্দিন আহমেদকে জেরা শেষ করেছে আসামিপক্ষ। গতকাল যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২-এ তাকে জেরা করেন মুজাহিদের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। গত ২৬ ডিসেম্বর ফয়েজ উদ্দিন আহমেদ জবানবন্দি পেশ করেন। এ মামলার কার্যক্রম ১৫ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। ওইদিন রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হবে।
