গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৩, ১৯:৩০
একটি শক্ত বোর্ডে নিখুঁত নিশানায় তীর ছুড়ে মারার যে খেলাটি ডার্টস নামে পরিচিত সেই খেলাটির কদর বিশ্বের অনেক দেশেই রয়েছে। আর নিশানা ভেদের এই জনপ্রিয় খেলাটিতেই অসামান্য এক রেকর্ড যার দখলে তিনি হলেন ব্রিটেনের ৯২ বছর বয়সী মহিলা ক্যান্ডি মিলার। ডার্টস এ নিখুঁত নিশানায় তীর বা ডার্টকে পৌঁছে দেওয়ার জন্য যে কঠিন মনোসংযোগের প্রয়োজন হয় সেটি এই বয়সেও বেশ দক্ষতার সাথেই করে চলেছেন ১৯২০ সালের ২১ অক্টোবর জন্ম নেওয়া এই মিলার। এমনকি গেল বছরও তিনি ‘বুলস আই’ (সবচেয়ে নিখুঁত বা কেন্দ্রে থাকা নিশানা) স্কোর করতে সক্ষম হন এবং অংশ নেন আন্তর্জাতিক মানের প্রতিযোগিতাতেও। আর এ কারণেই মিলারকে সবচেয়ে বেশি বয়সী প্রতিযোগীতামূলক ডার্টস পে¬য়ারের স্বীকৃতি দিয়েছে গিনেজ কর্তৃপক্ষ। মূলত এক বন্ধুর অনুরোধেই ১৯৬৬ সালে ডার্টস খেলার এক মহিলা দলে যোগ দিয়েছিলেন পেশায় পোশাকনির্মাতা এই মহিলা। আর সেই থেকে একটানা ৫২ বছরের ডার্টস ক্যারিয়ারে জিতেছেন একাধিক ট্রফি আর সম্মাননা।