আইপ্যাক প্রকল্প :স্থানীয় নারীরা স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখছে

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৩, ১৯:৩৭
এশিয়ান হাতি প্রজনন অঞ্চল হিসেবে খ্যাত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকা থেকে এক সময় নারীরা লাকড়ী সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত। জীবিকা অর্জনের কোনো সুযোগ ছিল না তাদের। আইপ্যাক প্রকল্প, চুনতি অভয়ারণ্য সহ-ব্যবস্থাপনা পরিষদ ও কমিটির সহযোগিতায় এ অঞ্চলের বেকার মহিলারা আজকে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখছে। পুরুষের পাশাপাশি নারীরা জলবায়ু পরিবর্তন, বন সংরক্ষণ ও সহ-ব্যবস্থাপনা অর্জনে ব্যাপক ভূমিকা রাখছে। বিভিন্ন হস্তশিল্প সামগ্রী তৈরি করে উপার্জন করছে। এসব নারীকে আইপ্যাক প্রকল্প প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর হওয়ার সুযোগ করে দিচ্ছে। গত সোমবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে জলবায়ু পরিবর্তন, বন সংরক্ষণে নারী এবং সহ-ব্যবস্থাপনা অর্জন বিষয়ক মত বিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার ও চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য সহ-ব্যবস্থাপনা পরিষদের সভাপতি সারা দিবার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন চুনতি অভয়ারণ্য সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমিন আহমদ খান।