হবিগঞ্জ উন্নয়ন সংস্থা সেভ দ্যা চিলড্রেন-এর সহায়তায় সদর উপজেলায় গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষা প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে সুধী সমাজ, সাংবাদিক এবং পৈল, রিচি ও গোপায়া ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রিচি ইউনিয়নে গৃহকর্মে নিয়োজিত ও শ্রমজীবী শিশুদের পরিসংখ্যানগত তথ্য উপস্থাপন করেন রিচি ইউনিয়নের চেয়ারম্যান মো. ইলিয়াছ মিয়া। উক্ত পরিসংখ্যানগত তথ্যের উপর আলোচনায় অংশ নেন গোপায়া ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী মিজবাউল বারী লিটন ও পৈল ইউনিয়নের চেয়ারম্যান মো. সাহেব আলী। সভায় প্রধান অতিথি ছিলেন এডভোকেট আলহাজ্ব এমএ মতিন খান। হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো.শাহীন মিয়া সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উপর আলোকপাত করেন। গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষা প্রকল্পের আওতায় হবিগঞ্জ সদর উপজেলার ৯শ’ ছেলে-মেয়েকে উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে ২৫০ জনকে সেলাই প্রশিক্ষণ, ১২০ জনকে বিউটি পার্লার প্রশিক্ষণ ও ১ হাজার ১শ’ ছেলে-মেয়েকে আত্মনির্ভরশীল করার জন্য জীবন দক্ষতামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং এ ধারা অব্যাহত আছে।
