কক্সবাজারের বিভিন্ন আদালতে দেখা দিয়েছে চরম মামলা জট। প্রায় ৪৬ হাজার মামলা রয়েছে বিচারাধীন। প্রতি মাসে বাড়ছে প্রায় ১ হাজার করে মামলা। এসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য যেখানে আদালত বাড়ানোর প্রয়োজন, সেখানে বিদ্যমান বিচার বিভাগের বেশকিছু পদ শূন্য থাকায় বিচার প্রার্থী জনগণের ভোগান্তি ও হয়রানি আরো বেড়ে গেছে। আদালত সূত্র জানায়, কক্সবাজারের বিভিন্ন আদালতে বর্তমানে প্রায় ৪৬ হাজার মামলা বিচারাধীন রয়েছে। এরমধ্যে জিআর, সিআর, দ্রুত বিচার আইন, এনজিআর, বন, ফৌজদারী মিচ ও ফৌজদারী আপিল মিলে (নভেম্বর মাস পর্যন্ত) ২৭ হাজার ১০৫টি ফৌজদারী মামলা, ১৪ হাজার ৭৮৯টি দেওয়ানী মামলা ১ হাজার ১০২টি আপিল মামলা এবং নারী শিশু নির্যাতন আইনে আরো প্রায় ৩ হাজার মামলা বিচারাধীন রয়েছে।
সূত্র জানায়, গত নভেম্বর মাস পর্যন্ত কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে ৬ হাজার ৯০১টি ফৌজদারী মামলা, ১৪ হাজার ৭৮৯টি দেওয়ানী মামলা ও ১ হাজার ১০২টি আপিল মামলা বিচারাধীন আছে। এর মধ্যে স্পেশাল মামলা বা দুর্নীতি মামলা ২৭টি, জননিরাপত্তা আইনে মামলা ১৩টি, এসিড মামলটি ৭টি, মানি লন্ডারিং আইন মামলা ৮টি, ফৌজদারী মিচ মামলা ২২১টি, ফৌজদারী আপিল মামলা ৮০০টি এবং ফৌজদারী রিভিশন মামলা ৭০৫টি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জিআর, সিআর, এনজিআর, দ্রুত বিচার আইন ও বন মামলা মিলে মোট ২০ হাজার ২০৪টি ফৌজদারী মামলা বিচারাধীন আছে। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আদালতে নিয়মিত মামলা হিসাবে প্রায় ১৩শ’ মামলা বিচারাধীন এবং তদন্ত পর্যায়ে আরো ১৭শ’ মামলা রয়েছে। সব মিলে প্রায় ৪৬ হাজার মামলার আসামির সংখ্যা ২ লক্ষাধিক। জেলার জনসংখ্যার শতকরা প্রায় ১০ ভাগ মানুষ মামলার জালে আবদ্ধ। তার উপর প্রতি মাসে বাড়ছে প্রায় ১ হাজার করে নতুন মামলা এবং আসামির সংখ্যাও। অথচ একেকটি মামলা নিষ্পত্তিতে ব্যয় হচ্ছে দীর্ঘ সময়। এমনকি অনেক মামলা ১৫ বছরেও নিষ্পত্তি করা যাচ্ছে না। দীর্ঘদিনেও মামলা নিষ্পত্তি না হওয়ায় মামলার পক্ষ-বিপক্ষের লোকদের মাঝে সামাজিক শত্রুতা বেড়ে যাচ্ছে। এরই জের ধরে ঘটছে আরো অপরাধ। সূত্র জানায়, যেখানে বর্তমান বিচার কাঠামোতে আরো ১টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং আরো ২টি যুগ্ম জেলা ও দায়রা জজের পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে, সেখানে কক্সবাজার বিচার বিভাগে বর্তমানে অন্তত ৬টি গুরুত্বপূর্ণ পদ শূন্য। বর্তমানে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, টেকনাফ উপজেলা সহকারী জজ, উখিয়া উপজেলা সহকারী জজ, কুতুবদিয়া উপজেলা সহকারী জজ ও কুতুবদিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পদ শূন্য রয়েছে। অনেক পদ শূন্য রয়েছে দীর্ঘ সময় ধরে।
