পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, এ দেশের মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই হবে। বাঙালির সকল আরাধ্য কাজকে সুসম্পন্ন করতে হলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই। তিনি গতকাল শুক্রবার দুপুরে চাঁদপুর জেলা ছাত্রলীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশাল ছাত্র সমাবেশে এ কথা বলেন।
তিনি ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আপনারা আপনাদের পড়াশুনা ঠিকভাবে করার পাশাপাশি সচেতন নাগরিক ও সচেতন রাজনৈতিক নেতা হিসেবে দেশের দায়িত্ব পালনে সব সময় সজাগ ও সতর্ক থাকবেন। দেখবেন আপনাদের মধ্যে কখনো কোন অপশক্তি ঢুকে বিভেদ সৃষ্টি করতে পারবে না এবং মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা হারিয়ে যায় এমন কোন কাজের সাথে জড়িত হবেন না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি শেখ আবদুল মোতালেব। বক্তব্য রাখেন পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওবায়েদুর রহমান তৃপ্তিসহ আরো অনেকে। পরে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা পরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
