ফকল্যান্ড নিয়ে আবারো দাবি তুলেছে আর্জেন্টিনা

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৩, ২০:১৯
আর্জেন্টিনা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আবারও তাদের অধিকার দাবি করেছে। দেশটির প্রেসিডেন্ট ক্রিশ্চিনা ফারনান্দেজ দে ক্রিচনার বৃহস্পতিবার জনসাধারণের উদ্দেশে লেখা এক চিঠিতে যুক্তরাজ্যকে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ পরিহার করার আহবান জানান। তিনি অভিযোগ করেন, ব্রিটেন সেখানে ‘ভয়ানক উপনিবেশ’ কায়েম করার চেষ্টা করছে। ক্রিচনার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের উদ্দেশে বলেন, তাকে অবশ্যই জাতিসংঘের রেজ্যুলেশনের প্রতি সন্মান দেখাতে হবে, যাতে করে দুইপক্ষ ফকল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় আলোচনার টেবিলে বসতে পারে। তিনি বলেন, আমি মনে করি আমাদের জাতিসংঘের ওই রেজ্যুলেশনের প্রতি সন্মান দেখাতে উভয়ের সংলাপের পথে যাওয়া উচিত। ক্রিচনার এ সংক্রান্ত চিঠির একটি কপি জাতিসংঘের মহাসচিব বান কি মুনের কাছেও পাঠিয়েছেন। ফকল্যান্ডের এই দ্বীপসমূহে ব্রিটিশ উপনিবেশবাদের ১৮০তম বার্ষিকীতে এদিন রাজধানী বুয়েনস আইরেসে ব্রিটিশ দূতাবাসের সামনে অনেক লোক জড়ো হয়। এ সময় তারা আর্জেন্টিনায় ব্রিটিশ রাষ্ট্রদূত জন ফ্রিমানের উদ্দেশে একটি চিঠি পাঠান। চিঠিতে তারা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ব্রিটিশ সরকার যে কোন ধরনের আলোচনায় বসতে রাজি নয় তার সমালোচনা করা হয়। এদিকে ফকল্যান্ডে আর্জেন্টিনার দাবির বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, ভবিষ্যত ফকল্যান্ড দ্বীপপুঞ্জে কাদের অধিকার প্রতিষ্ঠিত হবে তা নির্ভর করবে ফকল্যান্ডবাসীর উপর অর্থাত্ সেখানে এখন যারা বসবাস করছেন তার উপর । তিনি বলেন, এ বছরে এই দ্বীপপুঞ্জে যে গণভোট অনুষ্ঠিত হবে তার ফলাফলের উপর নজর দেয়া উচিত আর্জেন্টিনাকে।