নেত্রকোনা জেলা বিএনপির নতুন কমিটি গঠনের দীর্ঘ ৯ মাস পর আজ শনিবার নেত্রকোনা জেলা বিএনপির কার্যকরী কমিটির প্রথম সভাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে যেমন উত্সাহ দেখা যাচ্ছে তেমনি টান টান উত্তেজনাও পরিলক্ষিত হচ্ছে।
২শ’ জনের বিশাল জেলা কমিটিতে স্থান না পাওয়া নিয়ে মান অভিমান যেমন আছে, তেমনি বিরাজ করছে ক্ষোভ। আজকের এ সভাতে তার বহিঃপ্রকাশও ঘটতে পারে বলে অনেকের ধারণা। তবে দীর্ঘ ৯ মাস পর জেলা কমিটির প্রথম সভা যাতে সুষ্ঠুভাবে হয় সেজন্য জেলা কমিটির সিনিয়র নেতৃবৃন্দ কঠোর অবস্থানে রয়েছেন বলে একটি সূত্র জানায়। সভায় যারা বিঘ্ন সৃষ্টি করবে বা বাঁধা প্রদান করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার কথা তারা বলেছেন। এমনকি যারা সভা বয়কট করবে তাদের বহিষ্কার পর্যন্ত করার কথাও চিন্তা করা হচ্ছে বলে সূত্র জানায়। তবে দলের কোন্দল থামাতে গিয়ে তিন দফায় জেলা বিএনপির কমিটিতে ৭ জনের পরিবর্তে ৩০ জন সহ-সভাপতি নিতে হয়েছে।
