আশরাফুল-মেহরাবের জোড়া সেঞ্চুরি

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৩, ২০:৪২
মোহাম্মদ আশরাফুল ও মেহরাব জুনিয়রের জোড়া সেঞ্চুরিতে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে ৭৩ রানের লিড নিয়েছে ওয়াল্টন মধ্যাঞ্চল। বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে ওয়াল্টন সেন্ট্রাল জোনের সংগ্রহ ৮ উইকেটে ৪৩৪ রান। মোহাম্মদ আশরাফুল ১৩৩ এবং মেহরাব হোসেন জুনিয়র ১৩১ রান করেছেন। আগের দিনের ৪ উইকেটে ১৭০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে ওয়াল্টন সেন্ট্রাল জোন। বিসিবি নর্থ অল্প রানে ওয়াল্টনের ইনিংস গুঁড়িয়ে দেয়ার স্বপ্ন নিয়ে মাঠে নামলেও দুই অপরাজিত ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল ও মেহরাব জুনিয়র তাদের সে স্বপ্ন ভেঙ্গে তছনছ করে দেন। ৯০ বলে হাফ সেঞ্চুরি করা আশরাফুল সেঞ্চুরি পূর্ণ করেন ১৫৭ বলে। তার শেষ ফিফটি আসে মাত্র ৬৭ বলে। ২৩টি নজরকাড়া বাউন্ডারিতে সাজানো ১৩৩ রানের ইনিংস খেলে নাঈম ইসলামের বলে আউট হওয়ার আগে মেহরাবের সাথে ২২৮ রানের বিশাল পার্টনারশীপ গড়েন আশরাফুল। দলীয় ৩১৬ রানে সতীর্থ আশরাফুলকে হারালেও ২৬৩ বল খেলে নিজের সেঞ্চুরি তুলে নেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। মোশাররফ হোসেন রুবেলকে সাথে নিয়ে ৭৮ রানের চমত্কার জুটি গড়ে দলীয় ৩৯৪ রানে ব্যক্তিগত ১৩১ রান করে বিদায় নেন মেহরাব। এরপর মাত্র ১৫ রানের ব্যবধানে আরও দু’টি উইকেটের পতন ঘটলে বড় স্কোর গড়ার স্বপ্ন ফিকে হয়ে আসে আবারও। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৪৩৪ রান তুলে ৩য় দিন শেষ করেছে ওয়াল্টন। মোশাররফ হোসেন রুবেল করেছেন ৩৮ রান। বিসিবি নর্থের পক্ষে গতকাল সাকলাইন সজিব ২টি নাঈম ইসলাম ও মুশফিকুর রহীম একটি করে উইকেট পেয়েছেন। সংক্ষিপ্ত স্কোর : বিসিবি নর্থ জোন ১ম ইনিংস : ৩৬১, জুনায়েদ সিদ্দিকী ৭৮, ফরহাদ হোসেন ৭৪, মুশফিকুর রহীম ৭৬* মায়শুকুর ৪৯। ইলিয়াছ ছানী ৮০/৩, শাহাদত হোসেন ৪৩/২, মোশাররফ হোসেন রুবেল ১২২/২। ওয়াল্টন সেন্ট্রাল জোন: ১ম ইনিংস: ৪৩৪/৮, আশরাফুল ১৩৩, মেহরাব জুনিয়র ১৩১, মার্শাল আইয়ুব ৪০, মোশাররফ রুবেল ৩৮, সাজেদুল ১০১/৩, সাকলাইন সজিব ৯৮/২।