আর্থিক সংকটের কারণে ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্ব থেকে নাম প্রত্যাহার করতে হতে পারে জিম্বাবুয়ে ফুটবল দলকে। জিম্বাবুয়ে ফুটবল এসোসিয়েশন (জিফা) এ তথ্য জানায়।
এসোসিয়েশনের এক কর্মকর্তা গত বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে জানান যে আগামী মার্চে প্রতিপক্ষ মিসরে গিয়ে খেলার জন্য ফুটবল এসোসিয়েশনের হাতে কোনো অর্থ নেই। জিফা সহ-সভাপতি নডুমিসো গুমেডে বলেন, ‘‘ভ্রমণ ও অন্যান্য খরচের জন্য সংস্থার হাতে কোনো অর্থ নেই। সরকারিভাবে কোনো অর্থ সহযোগিতা না পাওয়া পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচে অংশ নেব না বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি।’’
-বাসস/এএফপি
