প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. মো.আফছারুল আমিন এমপি বলেছেন, ৮৩ হাজার শিক্ষককে জাতীয়করণ করা হবে। আগামী ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জাতীয়করণের ঘোষণা দিবেন। বাংলাদেশের ইতিহাসে যা স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষকদের জাতীয়করণ করেছিলেন। এবার তারই কন্যা এই বিশাল কাজটি করতে যাচ্ছেন।
তিনি গতকাল শুক্রবার সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারী হাজী টি. এ. সি উচ্চ বিদ্যালয় ৪৫ বছর পূর্তিতে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপী পুনর্মিলনী উত্সব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন। পুনর্মিলনী উত্সব পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ.বি.এম আবুল কাশেম এমপি।
প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি চেয়ারম্যান নূরুল আনোয়ারের সভাপতিত্বে এবং আকবর হোসেন ও নাজিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন, অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর, মোজাহের গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আবু তাহের প্রমুখ।
