চট্টগ্রাম মেডিক্যালে ইন্টার্নি চিকিত্সক তামান্নার মৃত্যু

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৩, ২১:২২
নগরীর জয়নগর এলাকায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিত্সক তামান্না ইসলাম সাথী (২৪) মারা গেছেন। তাকে গতকাল শুক্রবার সকালে সংজ্ঞাহীন অবস্থায় জয়নগরস্থ ইন্টার্নি চিকিত্সকদের হোস্টেল ইউসুফ ম্যানশন থেকে কক্ষের দরজা ভেঙ্গে উদ্ধার করা হয়। চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনার তদন্তে নিয়োজিত পাঁচলাইশ থানার এসআই তোজাম্মেল ইত্তেফাককে জানান, অতিরিক্ত ঘুমের ঔষুধ সেবনের কারণে ইন্টার্নি চিকিত্সক তামান্নার মৃত্যু হয়েছে বলে চিকিত্সকরা নিশ্চিত হয়েছেন। জয়নগরের চমেক হাসপাতালের ইন্টার্নি মহিলা চিকিত্সকদের হোস্টেল ইউসুফ ম্যানশনের অষ্টম তলার ৮৫ নম্বর রুমে তামান্না থাকতেন। তার পাশের কক্ষের ইন্টার্নি সহকর্মীরা জানান, তামান্না প্রায়ই শারীরিক জটিলতার কথা বলে ঘুমের ঔষুধ সেবন করতেন। গতকালও ঘুমাতে যাওয়ার আগে মাত্রাতিরিক্ত ঔষুধ সেবন করেন। তামান্নার বাড়ি মাগুরা জেলার কুল্লিয়া গ্রামে, ঢাকায় কৃষি বিভাগে কর্মরত মো. নাঈমের স্ত্রী। গতকাল নাঈম এবং তামান্নার পিতা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে পাঁচলাইশ থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন করলে তামান্নার লাশ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়। তারা তামান্নার লাশ নিয়ে গ্রামের বাড়ি রওনা হয়ে যান।