ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে সংগঠনের নেতা-কর্মীদের আচরণ পরিবর্তনের আহবান জানিয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আমরা যারা সরকারে আছি তারা ডিজিটাল উন্নয়ন করবো। আর তোমাদের (ছাত্রলীগ) আচরণ হতে হবে এনালগ। কেননা এনালগ আচরণের মধ্যে সৌজন্যতাবোধ ও মূল্যবোধ রয়েছে। তিনি বলেন, ছাত্রলীগের ৬৫ বছরের গৌরবের ইতিহাস যেমন আমাদের মাথা উঁচু করেছে, তেমনি ছাত্রলীগের সাম্প্রতিককালের কিছু অপকর্ম আমাদের মাথা নিচু করে দিয়েছে। তিনি সংগঠনটির নেতাকর্মীদের ইতিবাচক কাজে অত্মনিয়োগ করার আহবান জানিয়েছেন।
গতকাল শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন। এর আগে পায়রা ও বেলুন উড়িয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করা হয়। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শাহবাগ, মত্স্য ভবন, কাকরাইল, বিজয় নগর হয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে গিয়ে শেষ হয়।
ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্র্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, নজরুল ইসলাম এমপি, বাহাদুর বেপারী, সাবেক সভাপতি আব্দুল মান্নান, মাঈনউদ্দিন হাসান চৌধুরী, এনামুল হক শামীম, মাহমুদ হাসান রিপন, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনসহ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা।
‘ছাত্রলীগ সম্পর্কে নেতিবাচক অপপ্রচার চালানো হচ্ছে’- ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের এ বক্তব্যের সমালোচনা করে যোগাযোগমন্ত্রী বলেন, সমালোচনা তিতা হবে এটাই স্বাভাবিক। আত্মসমালোচনার মাধ্যমে ছাত্রলীগের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। ইতিবাচক কাজ দিয়ে নেতিবাচক সমালোচনার জবাব দিতে হবে। তিনি বলেন, দেশের রাজনীতিতে আক্রোশ ও আক্রমণ ফরমালিনের চেয়ে মারাত্মক আকার ধারণ করেছে। রাজনীতিতে সৌজন্যতাবোধ ফিরিয়ে আনতে হবে। ‘কিছু হাইব্রিড ও ফরমালিন’ ঢুকে ছাত্রলীগে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সরকারের ভাবমূর্তি নষ্ট করছে বলে অভিযোগ করেন যোগাযোগ মন্ত্রী।
এদিকে দেশের বিভিন্ন স্থানে গতকাল নানা কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। কোথাও কোথাও সংগঠনের বিবদমান গ্রুপগুলো নিজেদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয় বলে জানিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
চট্টগ্রামে ছাত্রলীগ নেতা ছুরিকাহত
চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এসময় সংগঠনের আহবায়ক আব্দুল মালেক জনি ছুরিকাহত হয়েছেন। এ ঘটনার পর জনি সমর্থক ছাত্রলীগ কর্মীরা নগরীর প্রবর্তক মোড়ে মিছিল ও অবরোধ সৃষ্টি করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দলীয় সূত্র জানায়, শুক্রবার সকালে নগরীর আন্দরকিল্লা এলাকায় সংগঠনের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকির সভা চলাকালে জনির উপর হামলা চালানো হয়। গুরুতর আহত জনিকে নগরীর একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।
বরিশালে ছাত্রলীগের দু’গ্রুপের হাতাহাতি
বরিশাল অফিস জানায়, জেলার সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ের সামনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আলোচনা সভা চলাকালে মঞ্চের সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে দু’গ্রপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এর জের ধরে আনন্দ র্যালি শেষে সদর রোডের বিবির পুকুরে পুনরায় হাতাহাতির ঘটনা ঘটে। পরে কোতয়ালী মডেল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে নগরীর সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর প্রাণকেন্দ্র বিবির পুকুরকে বর্ণিল সাজে সাজানো হয়।
পঞ্চগড়ে আলাদা শোভাযাত্রা
পঞ্চগড় প্রতিনিধি জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে শহরে ছাত্রলীগের আলাদা দুইটি শোভাযাত্রা বের হয়। এ সময় শহরের করতোয়া ব্রীজে উভয় গ্রুপ মুখোমুখি অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
