‘লোকে বলে, ঘর বাড়ি ভালা না আমার’

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৩, ২১:২৯
মরমী কবি হাছন রাজার বাড়িটি বর্তমানে অবহেলা-অযত্নে পড়ে আছে । কেউ খবর রাখে না। বাড়িটি দেখতে আসেন দেশের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ কিন্তু পুরনো ঘরের ধ্বংসাবশেষ আর খালি জায়গা ছাড়া দেখার কিছু নেই। যারা হাছন রাজার স্মৃতিবিজড়িত এই বাড়ি দেখতে আসেন তাদের বসার জন্যও নেই কোন ব্যবস্থা। মাঝে-মধ্যে অবশ্য এ বাড়িতে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বসে সাহিত্য আড্ডা। হাছন রাজা তার একটি গানে লিখেছিলেন “লোকে বলে, বলেরে ঘর-বাড়ি ভালা না আমার, জানতো যদি হাছন রাজা বাঁচব কতদিন বানাইতো দালন-কোঠা করিয়া রঙ্গিন”। এখন বাড়িটি দেখলে তার সেই গানের কথাই মনে পড়ে যায়। হাছন রাজার বাড়ি দেখতে আসা রংপুরের আহসান হাবিব বলেন, হাছন রাজা শুধু কবি ছিলেন না একজন জমিদারও ছিলেন। তার বাড়ি দেখতে এখানে এসে দুঃখই পেলাম। কিছুই নেই। দেখলাম ভাঙ্গা বাড়ি। বগুড়ার আবদুর রাজ্জাক বলেন, মনে করেছিলাম এখানে এসে অনেক কিছু দেখব। কিছু জানা হবে, শেখা হবে। কিন্তু রাজার বাড়িতে এসব কিছুই নেই। যেসব দালান রয়েছে তাও রয়েছে অযত্নে। গাজীপুরের ফারুক হোসাইন বলেন, বাড়ি দেখে মন ভরলো না। একজন নামকরা মানুষের বাড়ি এরকম অযত্নে-অবহেলায় পড়ে আছে ভাবতে অবাক লাগে। কিশোরগঞ্জের সালাম বলেন, একজন জমিদারের বাড়ি, কবির বাড়ি এরকম অবহেলায় পড়ে আছে ভাবা যায় না। বাউল মোহাম্মদ জুয়েল আহমদ বলেন, কেউ কি দায়িত্ব নিতে পারেন না? বাড়ি কি এভাবে থাকবে? মরমী কবি হাছন রাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমা বলেন, উপজেলা চেয়ারম্যানের সঙ্গে আলাপ করে হাছন রাজার বাড়ি সংস্কারের উদ্যোগ নেয়া হবে। স্থানীয় সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেন, বাড়ি সংস্কারের জন্য উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন, এই বাড়িতে যা যা দরকার সবকিছু করা হবে। সরকার এ ব্যাপারে আন্তরিক বলে তিনি জানান।