জাতিসংঘের আন্ডার সেক্রেটারি আমিরা হক আসছেন আজ

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৩, ২১:৩২
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি আমিরা হক এক সপ্তাহের সফরে আজ শনিবার ঢাকা আসছেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই কূটনীতিক কিছুদিন আগে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বিশেষ দূত থেকে আন্ডার সেক্রেটারি পদে উন্নীত হন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। মন্ত্রণালয়সূত্র জানিয়েছে, জাতিসংঘ কর্মকর্তার সফরকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। সফরকালে তিনি শান্তিরক্ষায় বাংলাদেশের আরও প্রতিনিধিত্ব ও নেতৃত্ব কীভাবে বাড়ানো যায় তা নিয়ে একটি সেমিনারে অংশগ্রহণ করবেন। সফরকালে তিনি সরকার, বিরোধী দল, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। এছাড়া প্রেসিডেন্ট মোহাম্মদ জিল্লুর রহমানের সঙ্গেও সৌজন্য সাক্ষাত্ করবেন। গত ২৫ জুলাই জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত থেকে আন্ডার সেক্রেটারি পদে নিয়োগ পাওয়া আমিরা হক দীর্ঘ ৩৭ বছর ধরে জাতিসংঘে কাজ করছেন। এর মধ্যে ১৯ বছর তিনি বিভিন্ন দেশে জাতিসংঘের বিশেষ দূতের দায়িত্ব পালন করেন। সর্বশেষ গোলযোগপূর্ণ পূর্ব তিমুরে মহাসচিবের বিশেষ দূত হিসাবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন আমিরা হক।