হাসপাতাল ছাড়ল মালালা

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৩, ২১:৩৬
লন্ডনের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতাল ছেড়েছে পাকিস্তানের বহুল আলোচিত কিশোরী মালালা ইউসুফজাই। তবে তার মাথায় অস্ত্রোপচার করতে হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। এই মাসের শেষ দিকে অথবা আগামী মাসের শুরুর দিকে তার অস্ত্রোপচার করা হবে। গতকাল শুক্রবার মালালা হাসপাতাল থেকে বাড়ি যায়। খবর বিবিসির। মালালা ওয়েস্ট মিডল্যান্ডে তাদের অস্থায়ী বাড়িতে পরিবারের সঙ্গে থাকবে। হাসপাতাল পরিচালনায় নিয়োজিত এনএইচএস ফাউন্ডেশনের পরিচালক ডাক্তার ড. দেব রোসার বলেন, মালালা (১৫) অনেক শক্তিশালী নারী। সে সুস্থ হওয়ার জন্য অনেক পরিশ্রম করেছে। আস্তে আস্তে তার অবস্থা উন্নতি হচ্ছে। তিনি জানান, মালালা, তার পরিবার এবং ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, সে তার পরিবারের সঙ্গে থাকলে স্বাস্থ্যের আরো উন্নতি হবে। গত ৯ অক্টোবর স্কুল থেকে ফেরার পথে তালেবান হামলাকারীর গুলিতে আহত হওয়ার পর পাকিস্তান থেকে উন্নত চিকিত্সার জন্য ১৫ অক্টোবর তাকে লন্ডনের এই হাসপাতালে ভর্তি করা হয়। নারী শিক্ষায় ভূমিকা রাখার জন্য তাকে তালেবানরা গুলি করে। এ ঘটনার পর মালালাকে নিয়ে পাকিস্তানসহ সারা বিশ্বে ব্যাপক আলোচনা হয়। মালালা তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান নাগরিকদের উজ্জীবিত করেছেন। তালেবানরা দেশটিতে নারী শিক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মালালা এর প্রতিবাদ করায় হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে বলে তালেবানের দাবি। ঘটনার পর অনেকে তাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করার দাবি জানিয়েছে।