১৫ জানুয়ারি হরতাল দিচ্ছে বাম মোর্চা

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৩, ২১:৩৭
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক বাম মোর্চা হরতাল কর্মসূচি দিতে যাচ্ছে। আগামী ১৫ জানুয়ারি মঙ্গলবার হরতাল পালনের সিদ্ধান্ত নেয়া হলেও সকাল-সন্ধ্যা নাকি আধাবেলা তা চূড়ান্ত করা হয়নি। এছাড়াও মোর্চার নেতারা সারাদেশের পরিবর্তে শুধুমাত্র রাজধানীতে হরতাল পালনের চিন্তাভাবনা করছেন। গতকাল শুক্রবার বাম মোর্চা তাদের ভাষায় বিদ্যুতের দাম বৃদ্ধির পাঁয়তারার বিরুদ্ধে রাজধানীতে পদযাত্রা করেছে। বাম মোর্চার সূত্র জানায়, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে অনেক কিছু জড়িত। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল থাকার পরও সরকার একতরফাভাবে দাম বাড়িয়ে জনগণকে দুর্ভোগের পথে ঠেলে দিয়েছে। এদিকে বাম মোর্চার অন্যতম দল গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য অ্যাডভোকেট আবদুস সালাম ইত্তেফাককে বলেন, চলতি সপ্তাহেই মোর্চার নেতৃবৃন্দ বৈঠক করে হরতালের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৮ দলীয় জোটের ডাকা রবিবারের হরতাল কর্মসূচি জোটের নিজস্ব সিদ্ধান্ত। আর একই ইস্যুতে তাদের যে কোন কর্মসূচির সঙ্গে বাম মোর্চার থাকার প্রশ্নই উঠে না। মোর্চার সূত্র জানায়, সরকার যাতে জ্বালানি তেলের দাম পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয় সে দাবিতে হরতালের কর্মসূচি দেয়া হবে। মোর্চা মনে করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে দেশে মূল্যস্ফীতি ঘটবে। জাতীয় উত্পাদনে এর নেতিবাচক প্রভাব পড়বে। তাছাড়া জিনিসপত্রের দাম বেড়ে জনগণের দুর্ভোগ আরো বাড়বে।