হরতাল আহ্বানকে ‘উন্মাদের সিদ্ধান্ত’ বললেন অর্থমন্ত্রী

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৩, ২১:৩৮
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিরোধী দলের ডাকা হরতাল সম্পর্কে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, ‘এটি একটি উন্মাদের সিদ্ধান্ত। এটি কোন দায়িত্বশীল রাজনৈতিক দলের সিদ্ধান্ত হতে পারে না।’ তিনি আরো বলেন, ‘বিএনপি সরকার চালিয়েছে, তারা জানে সরকার কিভাবে চালাতে হয়। কোন প্রেক্ষিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে হয়।’ অর্থমন্ত্রী হরতালের এ সিদ্ধান্তকে অন্যায় মন্তব্য করে বিশ্ববাজারের চেয়ে বাংলাদেশে জ্বালানি তেলের মূল্য অনেক কম বলে দাবি করেন। গতকাল সিলেটের গোলাপগঞ্জে স্কাউটের চতুর্থ আঞ্চলিক সমাবেশ উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিশ্ববাজারে যেখানে জ্বালানি তেলের দাম ১১০ ডলার সেখানে বাংলাদেশে ৮০ ডলার। এমনকি পাশের দেশেও জ্বালানির দাম বেশি। এতে পাচার হওয়ার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। তিনি আরো বলেন, আমাদের দেশের দুর্ভাগ্য বিরোধী দল অবিবেচনাপ্রসূত কাজ করে থাকে। তিনি স্কাউটদের সততাসহ বিভিন্ন সত্ কাজের জন্য অঙ্গীকারাবদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও স্কাউটের সিলেট অঞ্চলের সভাপতি প্রফেসর তফাজ্জল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউট এর সহ-সভাপতি হাবিবুল আলম বীর প্রতীক, রূপালী ব্যাংকের চেয়ারম্যান ড.আহাদ আল কবীর। বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি জহির চৌধুরী সুফিয়ান,সাবেক সচিব ড.একে.এম আব্দুল মুবিন প্রমুখ।