স্বয়ংক্রিয় গাড়ি আনছে টয়োটা

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৩, ১৯:৫০
চলতি মাসেই শুরু হতে যাচ্ছে বিশ্বের অন্যতম বৃহত্ তথ্যপ্রযুক্তি পণ্যের প্রদর্শনী কনজ্যুমার ইলেকট্রনিক শো বা সিইএস। আর এই নিয়ে ইতোমধ্যেই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাড়া পড়ে গেছে। সিইএস-এ সাধারণত সময়ের সবচেয়ে আধুনিক প্রযুক্তিগুলো প্রদর্শন করা হয়। আর এই প্রদর্শনীতে প্রদর্শিত প্রযুক্তিগুলোই মূলত সারা বছর ধরে বাজার দখলে রাখে। এই প্রদর্শনীকে সামনে রেখেই গাড়ি তৈরিতে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান তৈরি করেছে নতুন এক গাড়ি যেটা কি না চলবে কোনো ড্রাইভার ছাড়াই। স্বয়ংক্রিয় এই গাড়ি নিয়ে অত্যন্ত আশাবাদী তারা। এর আগে টেক জায়ান্ট গুগল স্বয়ংক্রিয় গাড়ি নিয়ে এসে চমকিত করে বিশ্বকে। সেই ধারাবাহিকতায় আরও অনেক প্রতিষ্ঠানই স্বয়ংক্রিয় গাড়ি তৈরিতে মনোযোগী হয়। তবে এখনও কেউ তাতে তেমন সাফল্য লাভ করতে পারেনি। তবে টয়োটা জানিয়েছে, তারা পরীক্ষামূলকভাবে এই গাড়ি চালিয়েছে এবং তাতে তারা সন্তুষ্টি অর্জন করেছে। এই গাড়ি স্বয়ংক্রিয় গাড়িকে মূল গাড়ির ধারায় যুক্ত করবে বলেই আশাবাদী টয়োটা। সিইএস-এ প্রদর্শন করা হবে এই গাড়িগুলো।