সীমান্ত বেস্টনি ডিঙ্গিয়ে জোরপূর্বক যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করা পাঁচশ’ শরণার্থীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছে মেক্সিকো। রবিবার কয়েকশ’ শরণার্থী মেক্সিকোর তিজুয়ানায় সীমান্ত বেস্টনি অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করলে মার্কিন বর্ডার পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এক বিবৃতিতে মেক্সিকোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শরণার্থীদের ওই দলটি সহিংস ও অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করে। এদিকে শরণার্থীদের রবিবারের এই কর্মকাণ্ডের জন্য তাদের আবেদন যাচাই-বাছাইয়ে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের মন্থর গতি দায়ী বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, বন্দর দিয়ে অনেকেই অবৈধভাবে প্রবেশের চেষ্টা করতে পারে এমন আশঙ্কা রয়েছে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, অভিবাসনের আবেদন যতক্ষণ পর্যন্ত যাচাই-বাছাই শেষ না হচ্ছে, ততদিন পর্যন্ত অভিবাসী হতে ইচ্ছুক ব্যক্তিদের মেক্সিকোতেই থাকতে হবে। তাদেরকে যুক্তরাষ্ট্রের সীমানার মধ্যে ঢুকতে দেওয়া হবে না।
