কেশবপুর উপজেলাব্যাপী বিলে বিলে চলছে মাছ ধরার উত্সব। প্রকাশ, ভবদাহ ও কপোতাক্ষে সমস্যার কারণে ৮০ র’ দশক থেকে কেশবপুর উপজেলার অধিকাংশ বিলগুলোতে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। যার ফলে বিল গরালিয়া, বলধালী, পদ্ম বিল, ঘোচমারার বিল, কাদার বিল, গড়ভাঙ্গার বিল, পাঁজিয়ার বিলসহ কমপক্ষে ৪০টি বিল এলাকার কৃষকরা দীর্ঘদিন ধরে কোন ফসল আবাদ করতে পারছে না। জলাবদ্ধতার কারণে বিল এলাকার কৃষকরা বাপ দাদার দীর্ঘদিনের এ পেশা ছেড়ে বাধ্য হয় মাছ শিকার করে সংসার চালাতে। অবশেষে ২০০৭ সালে এলাকার কৃষকরা উদ্ভাবন করে সেচ পাম্প দিয়ে জলাবদ্ধ বিলের পানি নিষ্কাশন করে বোরো আবাদের অভিনব পদ্ধতি। প্রতি বছরের ন্যায় এ বছরও চলছে জলাবদ্ধ বিলের পানি নিষ্কাশন করে বোরো আবাদের প্রস্তুতি। বিলের পানি কমার সাথে সাথেই চলছে মাছ ধরার উত্সব। এলাকার নারী-পুরুষ ও শিশুসহ হতদরিদ্র পরিবারগুলো তীব্র ঠান্ডা উপেক্ষা করে ভোর থেকে নেমে পড়ছে মাছ ধরার কাজে। শুধু ভবদহ ও কপোতাক্ষ তীর এলাকা নয়, উপজেলার প্রত্যন্ত এলাকার উন্মুক্ত জলাশয়, ঘের বেড়ির পানি নিষ্কাশনকালে চলছে মাছ ধরার উত্সব।
