কাউনিয়ায় ধর্ষিতা শিশুর পাশে মহিলা আইনজীবী সমিতি

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৩, ২১:০৪
পাশবিক নির্যাতনের শিকার কাউনিয়া সেই শিশুর পাশে এসে দাড়িয়েছে মহিলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবী সংগঠন এসোড, ব্র্যাক, পল্লীশ্রীসহ উপজেলা মহিলা পরিষদের কর্মীরা। গত বুধবার উপজেলা মহিলা আইনজীবী সমিতির পক্ষে এ্যাড. শাহিনা বেগমের নেতৃত্বে একটি দল উপজেলার নিলাম খরিদা সদরা গ্রামে শিশুটির নানার বাড়িতে গিয়ে ভিক্টিমের জবানবন্দি, বাদী নানীর সাথে কথা বলেন এবং ওকালতনামায় স্বাক্ষর নেন। অপরদিকে উপজেলা মহিলা পরিষদের সম্পাদিকা রিতা রানী, এসোডের ফারজানা রুনা, পল্লীশ্রীর রোকসানা বেগম এবং ব্র্যাক লিগ্যাল এইডের মিজানুর রহমানের নেতৃত্বে একটি এনজিও প্রতিনিধি দল সাক্ষাত্ করেন ভিক্টিম এবং তার নানীর সাথে। পরে এনজিও কর্মীরা ধর্ষিতা শিশুটি এবং তার নানীর পরিবারকে বিভিন্নভাবে সাহায্যের আশ্বাস দেন। এসময় প্রতিনিধি দলকে আসামী পক্ষে বিভিন্ন হুমকির কথা জানালে তাদেরকে থানায় ডায়রি করার পরামর্শ দেয়া হয়। সে অনুযায়ী গত বৃহস্পতিবার ধর্ষিতার নানা থানায় জিডি করতে গেলে ডিউটি অফিসার জিডি গ্রহণ করেননি বলে অভিযোগ করা হয়েছে।