পীরগঞ্জে টিআর প্রকল্প নিয়ে তেলেসমাতি

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৩, ২১:০৫
রংপুরের পীরগঞ্জে টিআর কর্মসূচির আওতায় গৃহীত প্রকল্পের বিপরীতে বরাদ্দকৃত খাদ্যশস্যে নিয়ে তেলেসমাতি কারবার চলছে বলে অভিযোগ উঠেছে। ওইসব প্রকল্পের কোন কোনটিতে পুলিশের এএসআই, অফিস পিয়ন ও নৈশপ্রহরীকে প্রকল্প কমিটির সভাপতি করা হয়েছে। ফলে পীরগঞ্জের রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও সুশীল সমাজের মাঝে টিআর প্রকল্প নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর (বিশেষ) কর্মসূচির আওতায় পীরগঞ্জে ৬শ’ মে. টন খাদ্যশস্যের বিপরীতে প্রথম পর্যায়ে ৩শ’ মে.টন খাদ্যশস্য বরাদ্দ পাওয়া যায়। ওই বরাদ্দের অনুকূলে ৬৬টি প্রকল্প গ্রহণ করা হয়। ওই প্রকল্পগুলোর মধ্যে পীরগঞ্জ থানার প্রকল্পে থানা পুলিশের এ,এসআই মেহেদী হাসানকে প্রকল্প সভাপতি করা হয় এবং উপজেলা সদরের বিদ্যুত্ বাতি স্থাপন প্রকল্পে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসের মাষ্টাররোলে কর্মরত পিয়ন মফিজুল ইসলাম সভাপতি এবং ভূমি অফিস সংস্কারে ওই অফিসে মাষ্টার রোলে কর্মরত নৈশপ্রহরী শ্রী রিপন কুমারকে প্রকল্প সভাপতি করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরফুল ইসলাম বলেন, কৃত প্রকল্প কমিটির আলোকে নিয়মমাফিক বরাদ্দ ছাড় করা হয়েছে। এ ক্ষেত্রে আমাদের করার কিছুই নেই ।