নাগেশ্বরীতে স্বামীর দেয়া আগুনে কাতরাচ্ছে রাশেদা

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৩, ২১:০৫
নাগেশ্বরীতে যৌতুকলোভী স্বামী ও শাশুড়ীর দেয়া আগুনে ঝলসে যাওয়া রাশেদা বিনা চিকিত্সায় কাতরাচ্ছে। থানায় মামলা হওয়ার ৩ মাস পরও গ্রেফতার হয়নি মূল আসামি। তিন বছর আগে উপজেলার কেদার ইউনিয়নের বাহের কেদার গ্রামের মনছুর আলীর মেয়ে রাশেদার সাথে রংপুর জেলার মিঠাপুকুর থানার গোপালপুর ইউনিয়নের খামার মাকিমপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে জাফর ইকবালের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন তাকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে। মেয়ের সংসার ও সুখের কথা চিন্তা করে মনছুর আলী কিছু টাকা দিলেও মন ভরেনি রাশেদার স্বামী ও শাশুড়ীর। মামলা সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর শাশুড়ী যৌতুকের জন্য রাশেদার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। গত ৭ অক্টোবর রাশেদার বাবা মনছুর আলী বাদী হয়ে মিঠাপুকুর থানায় তিন জনকে আসামি করে মামলা করেন। মিঠাপুকুর থানা পুলিশ শ্বশুর লিয়াকত আলী ও শাশুড়ী পিয়ারা বেগমকে গ্রেফতার করলেও আজ পর্যন্ত গ্রেফতার হয়নি মূল আসামি ইকবাল।